প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ২১:২৯ পিএম
ব্ল্যাক ক্যাপস অধিনায়ক মিচেল স্যান্টনার
ওয়ানডে সিরিজে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বাংলাদেশ। যে কারণে সিরিজটাও জেতা হয়নি। প্রাপ্তি বলতে শেষ ম্যাচের জয়টা। তাতে অন্তত নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙে টাইগাররা। তবে টি-টোয়েন্টিতে লাল-সবুজের প্রতিনিধিরা লড়াই জমিয়ে তুলেছিল। জয় দিয়েই সংক্ষিপ্ততম সংস্করণের সিরিজ শুরু করেছিল দেশের ছেলেরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে না ভাসলে সিরিজ ট্রফি শান্তদের হলেও হতে পারত।
শেষ ম্যাচেও জমে উঠেছিল লড়াই। ১১০ রানে গুটিয়ে গিয়েও দলীয় ৪৯ রানে টাইগাররা ফেলে দিয়েছিল কিউইদের পাঁচ উইকেট। অনেকটা সময় পর্যন্ত লড়াইয়ে এগিয়ে ছিল টাইগারররা। শেষমেশ জেমস নিশাম ও মিচেল স্যান্টনারের ব্যাটিং দৃঢ়তায় ডিএলএস মেথডে ১৭ রানে জিতে সিরিজে সমতায় ফেরে স্বাগতিকরা। তাই তো সিরিজকে কঠিন বলছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক স্যান্টনার, ‘আমরা জানতাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বোলাররা সামনে থেকে তাদের দায়িত্ব পালন করেছে এবং দলকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে। সবদিক বিবেচনা করলে কঠিন একটি সিরিজ।’
ম্যাচ শেষে ম্যাচসেরা স্যান্টনার প্রশংসায় ভাসান নিজের দলের পেসারদের, যাদের জন্যই মূলত সিরিজ ট্রফি হাতছাড়া করতে হয়নি কিউইদের, ‘জিততে পেরে ভালো লাগছে। আমি শুধু গতি পরিবর্তন করে বাউন্স পাওয়ার কথা ভাবছিলাম। পেসাররাও দারুণ বোলিং করেছে। হ্যাঁ, এটা ঠিক যে এমনটা হয়েছে (প্রথমদিকে উইকেট থেকে সাহায্য পাওয়া)। আমরা জানতাম পাওয়ার-প্লেটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তবে ওই সময় বল করাটা সহজ ছিল না। কয়েকটি উইকেট নিতে পারায় নিজেদের সফল বলব।’