প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬ পিএম
সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিব না মাশরাফি— পুরোনো ছবি
মাশরাফি মর্তুজা বলেছিলেন, সুযোগ এলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে আপত্তি নেই তার। বেশ কয়েকবার একই সুরে কথা বলেছেন সাকিব আল হাসানও। বাংলাদেশের তারকা দুই ক্রিকেটারের বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার বিষয়টি সামনে এনে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিব না মাশরাফি— বিসিবি সভাপতি হিসেবে কাকে এগিয়ে রাখবেন। নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের বোর্ড সভাপতি বলেছেন, ‘জটিল প্রশ্ন।’
কিশোরগঞ্জের ভৈরবে আজ নিজের নির্বাচনী এলাকায় বিসিবি সভাপতি প্রশ্নের উত্তরে বলেন, ‘বলা মুশকিল, এটা বলা মুশকিল, এটা বলা কঠিন, এটা এত সহজ না। এটা আসলে কঠিন। এটা এখানে বলা ঠিক হবে না।’
সম্প্রতি বোর্ড সভাপতি নিজেও বলেছিলেন, তিনি আর বেশি দিন নেই। তবে সেটি পরিষ্কার করে বলেননি। সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে পাপন বলেছেন, ‘ওর সঙ্গে আমার যে কথা হয়েছে, ও খেলবে। ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা, সেটাই জানি।’