প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৪ পিএম
আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ঘটে গেছে অদ্ভুত এক ঘটনা। আম্পায়ার লিফটে আটকা পড়ায় খেলা শুরু হতে বিলম্ব হয়। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। বিরতি শেষে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামলেও খেলা শুরু হতে বিলম্ব হয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ ম্যাচের লাইভ ধারাবিবরণীতে জানায়, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়ায় খেলা শুরু হতে দেরি হয়।
এমন পরিস্থিতিতে ইলিংওয়ার্থের বদলি হিসেবে রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপিকে তৃতীয় আম্পায়ারের জায়গায় বসতে হয়। এর পরই খেলা শুরু হয়। ততক্ষণে অবশ্য খেলা শুরু হতে বেশ কিছু মিনিট দেরি হয়ে যায়। অবশ্য কিছুক্ষণ পরই নিজের জায়গায়ও এসে বসেন তৃতীয় আম্পায়ার ইলিংওয়ার্থ। অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তি পাওয়ার পর যখন নিজের চেয়ারে বসেন, তখন তাকে হাসতে দেখা যায়।
ইলিংওয়ার্থ যে লিফটে আটকা পড়েছিলেন সেটি নিয়ে ফক্স ক্রিকেটকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘এটা ধীরগতির লিফট। আমরা ব্যবহার করি। যেটার কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমি জানি।’