বক্সিং ডে টেস্ট
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ০০:৫৭ এএম
শান মাসুদরা বোলিংয়ে দারুণ করলেও ব্যাটিংয়ে পারেনি— গেটি ইমেজেস
বক্সিং ডে টেস্টের মোড়টা ঘুরে যাচ্ছিল প্রায়। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে যদিও পাকিস্তানকে দাপট দেখাতে দেয়নি অস্ট্রেলিয়া। মূলত বাদ সেধে বসেছেন প্যাট কামিন্স।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাবে ভালো শুরুর পরও শেষটা ভালো হয়নি সফরকারীদের। ব্যাটিং বিপর্যয়ে ১২৪ রানে পিছিয়ে থেকেই দিন শেষ করতে হয় শান মাসুদদের। তৃতীয় দিনে আজ ভোর ৫টায় দলকে এগিয়ে নেবেন মোহাম্মদ রিজওয়ান ও আমির জামাল।
মেলবোর্নে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া বুধবার ৩ উইকেটে ১৮৭ রানে খেলা শুরু করে। ২০৪ রানে ট্রাভিস হেডকে হারায় স্বাগতিকরা। মিচেল মার্শ ও মার্নাস লাবুশেনের জুটি ৪৬ রানে ভেঙে গেলে বিপদে পড়ে তারা। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৬৮ রানে।
এদিন আরও ১৩১ রান যোগ করে অলআউট হওয়ার পর পাকিস্তানকেও স্বস্তিতে থাকতে দেননি কামিন্সরা। ১ উইকেট হারিয়ে ১২৪ রান করা পাকিস্তান স্কোরবোর্ডে ১৭০ রান আনতেই হারিয়ে ফেলে আরও ৫ উইকেট।
দিন শেষের আগে আর বিপদ বাড়াননি মোহাম্মদ রিজওয়ান ও জামাল। ৭ ওভারে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন দুজন।