প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩ ১১:৪৬ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩ ১৮:২৪ পিএম
কিউইদের মাটিতে এখনও টি-টোয়েন্টিতে জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই মিশন সম্পন্ন হয়েছে। ছবি: 'এক্স'
নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি জয় অধরা ছিল বাংলাদেশের। এবার সেই খরা কেটেছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে সফরকারীরা। তাসমান পাড়ের দেশটিতে আগে যেখানে ব্যর্থতা ছিল সঙ্গী সেখানে আধিপত্য প্রতিষ্ঠিত করতে শুরু করেছে টাইগাররা। আগের ৯টি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ছিল না কোনও জয়। এবার ইতিহাস পাল্টেছে। এই জয়ে তিন ম্যাচের কুড়ি ওভারের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এদিন স্বাগতিকদের ১৩৪ রানে থামিয়ে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে যায় লাল সবুজের প্রতিনিধিরা।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৮.৪ ওভারে ১৩৭/৫, লক্ষ্য ১৩৫ (মেহেদী ১৯*, লিটন ৪২*; হৃদয় ১৯, সৌম্য ২২, শান্ত ১৯, রনি ১০)
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৯ (মিলনে ১৬*, সিয়ার্স ১*; সোধি ২, সাউদি ৮, নিশাম ৪৮, স্যান্টনার ২৩, চ্যাপম্যান ১৯, মিচেল ১৪, ফিলিপস ০, অ্যালেন ১, সেইফার্ট ০)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শেখ মেহেদী হাসান
ইতিহাস গড়তে শান্তদের প্রয়োজন ১৩৫ রান
দাপুটে শুরু এনেছিলেন শরিফুল-মাহেদী। সেটাই পরে দুর্দান্ত বোলিংয়ে ইনিংসের শেষ পর্যন্ত টেনে নেন মোস্তাফিজুর রহমান। নেপিয়ারে বাংলাদেশের বোলারদের দাপুটে বোলিংয়ে স্বাগতিকরা ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১৩৪ রান৷ কিউই মুলুকে বৃত্ত পূরনের পালায় ছোট ফরম্যাটের ক্রিকেটে জয় পেতে নাগালের ভেতর লক্ষ্য পেয়েছেন শান্তরা।
নেপিয়ারে ওয়ানডে ম্যাচে যেখানে শেষ করেছিল সেখান থেকেই আজ শুরু করেন শরিফুল-মোস্তাফিজরা। নিজেদের কোঠার চার ওভারে ১৪ রান খরচায় মাহেদী এবং মোস্তাফিজ নিয়েছেন দুটি করে উইকেট। শুরুর জোড়া আঘাতের পর শরিফুল তুলেছেন আরও একটি উইকেট।
২৬ রানে ৩ উইকেট নিয়ে শরিফুল বেধে রেখেছিলেন কিউই ব্যাটারদের। স্বাগতিকদের ব্যাটিং ধ্বসের দিনে উজ্জ্বল ছিলেন জিমি নিশাম। ২৯ বলে তিনি খেলেন ৪৮ রানের ইনিংস। কিউইদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক মিচেল স্যান্টনারের ব্যাটে। ২২ বলে ২৩ রান করে শরিফুলের শিকার হন কিউই স্পিনার।
নিউজিল্যান্ডের মাটিতে ২০১০ থেকে গত বছর পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা। যার মধ্যে কিউইদের বিপক্ষে ৯টিতে হেরেছে বাংলাদেশ। এবার বৃত্ত ভাঙার মিশন।
কিউইদের চেপে ধরেছে বাংলাদেশ
স্বপ্নের মত শুরু বটে! ইনিংসের শুরুর ৮ বলের মধ্যে ২ ওপেনারকে হারানোর পর নিউজিল্যান্ডের আরেক টপ অর্ডারকেও থিতু হতে দেয়নি বাংলাদেশ। দারুণ গতি আর লাইন লেন্থে স্বাগতিকদের থমকে রেখেছেন শরিফুল ইসলামরা৷ নেপিয়ারে শেষ ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বসেছে ব্লাক ক্যাপসরা। শরিফুলের জোড়া আঘাতের আগে ইনিংসের প্রথম ওভারেই তোপ দাগেন মাহেদী হাসান।
বৃত্ত পূরনের পালায় ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামছে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
গত শনিবার সাদা বলের সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয় পায়। এর আগে কিউই মুলুকে লাল বলের ক্রিকেটেও এসেছিল জয়। টি-টোয়েন্টিতে এখনও জয়শূন্য বাংলাদেশ। বৃত্ত পূরণের পালায় নেপিয়ারে এবার আত্মবিশ্বাসী সফরকারীরা।
একই শহর, একই মাঠ, উইকেটও থাকছে একই। মাঠটা যেহেতু একই তাই এবার প্রথম টি-টোয়েন্টি জয়ের আশা টাইগার বাহিনীর। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ওয়ানডেতে দাপুটে ফর্ম দেখানোয় টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন সৌম্য সরকার। বাংলাদেশ খেলবে তিনজন পেসার নিয়ে।
নিউজিল্যান্ডের মাটিতে ২০১০ থেকে গত বছর পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা। যার মধ্যে কিউইদের বিপক্ষে ৯টিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।