× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোড়া লাল কার্ডের ম্যাচে জিতল রাসেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৫ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৫৬ পিএম

শেখ রাসেলের ফুটবলারদের গোলের উল্লাস - ছবি: আ. ই. আলীম

শেখ রাসেলের ফুটবলারদের গোলের উল্লাস - ছবি: আ. ই. আলীম

জোড়া লাল কার্ডের ম্যাচে শেখ জামালকে হরিয়ে শুভসূচনা করেছে শেখ রাসেল। শনিবার কিংস অ্যারেনায় ২-১ গোলে হারিয়েছে ২০১২-১৩ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের পঞ্চম মিনিটে সোলেমানি ল্যান্ড্রি রাসেলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যাটেন্ডা গ্যানিউ। শেখ জামালের হয়ে ব্যবধান কমান শোখরুখবেক খোলমাতোভ। 

ম্যাচে বিরতির আগ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় শেখ জামাল। এ সময় বল নিয়ে রাসেলের সারোয়ার জাহান নিপু এগিয়ে যাওয়ার সময় তাকে পেছন থেকে টেনে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন মাহমুদুল হাসান কিরণ। এই ধাক্কা সামলে ওঠার আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল হজম করে শেখ জামাল। এ সময় কর্নার থেকে হেডের সাহায্যে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড গ্যানিউ। ম্যাচের ৫৯ মিনিটে শেখ জামালের পক্ষে একটি গোল পরিশোধ করেন খোলমাতোভ। তবে হার এড়ানোর জন্য এটা যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে সরাসরি লাল কার্ড দেখেন শেখ রাসেলের মেসিডোনিয়ান কোচ যুগোস্লাভ ট্রেনচোভস্কি। 

শনিবার চলতি প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনে দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াইয়ে শুরু থেকে তেড়েফুঁড়ে খেলার চেষ্টা করে শেখ রাসেল। ধারাবাহিক আক্রমণ চালিয়ে ৫ মিনিটেই গোল তুলে নেয় তারা। বাঁ প্রান্ত থেকে সুমন রেজার পাসে অরক্ষিত জায়গায় দাঁড়ানো বুরুন্ডির স্ট্রাইকার সেলেমানি চমৎকার ফিনিশিং করেন। প্রথমার্ধের শেষদিকে সংখ্যায়ও পিছিয়ে পড়ে শেখ জামাল। নেমে আসে ১০ জনে। বিরতির পর চতুর্থ মিনিটেই ব্যবধান আরও বাড়িয়ে নেয় শেখ রাসেল। এ সময় কোডাই লিডারের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে পড়েন সুমন রেজা। এই ফরোয়ার্ডের পাস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন ল্যান্ড্রি। 

ম্যাচে দুই গোলে পিছিয়ে। ১১ জনের বিপক্ষে ১০ জন! তারপরও উদ্যম হারায়নি শেখ জামাল। ৫৯ মিনিটে সতীর্থের হেডে বক্সের ভেতরে বল পেয়ে খোলমাতভ ব্যবধান করেন ২-১। ম্যাচে সমতায় ফেরার সুযোগও পেয়েছিল ২০১৪-১৫ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ৮০ মিনিটে ভ্লাদিমিরের হেড রাসেল গোলরক্ষক মিতুল ফেরানোর পর বল পান ফয়সাল আহমেদ ফাহিম। তার বাড়ানো ক্রস থেকে বল পান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ইগর লেইতে। কিন্তু তার শট চলে যায় বাইরে। আর এতে হারটাই অনিবার্য হয়ে ওঠে শেখ জামালের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা