প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ২২:৩৭ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৪ পিএম
কাইলিয়ান এমবাপে ও হ্যারি কেন
লা লিগার পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা আলমেরিয়ার বিপক্ষেও কঠিন পরীক্ষার সামনে পড়ে বার্সেলোনা। বুধবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে দুবার পিছিয়ে পড়েও ম্যাচে ফেরে আলমেরিয়া।
তবে শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে জাভি হার্নান্দেসের দল। তা সত্ত্বেও শীর্ষে থাকা জিরোনার চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে বার্সা। শিরোপা ধরে রাখতে তাই চাপেই রয়েছে কাতালুনিয়ারা।
এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে বার্সেলোনা। ৪ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। জিরোনার পয়েন্ট ৪৪। তবে শীর্ষ দুইয়ের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে জাভির দল।
ওপরের সারির এই ত্রয়ীর লড়াইয়ে বার্সা যে চাপে আছে সেটা বুধবার রাতের ম্যাচেই পরিষ্কার। যে কারণে অবনমন অঞ্চলে থাকা দলের বিপক্ষেও ঘাম ঝরিয়ে জিততে হয়েছে তাদের। যে দলটি কি না চলতি মৌসুমে ১৮ ম্যাচ খেলে এখনও কোনো জয়ের স্বাদ পায়নি, ড্র করেছে পাঁচ ম্যাচে।
বার্সার বিপক্ষে এদিন ষষ্ঠ ড্রয়ের আশাই করছিল দলটি। কেননা ৮২ মিনিট পর্যন্ত খেলায় ছিল ২-২ সমতা। স্কোরলাইন এটিই ধরে রেখে রেফারির শেষ বাশির অপেক্ষায় থাকা দলটিকে হতাশায় ডুবিয়েছেন বার্সার অধিনায়ক সার্জি রবার্তো। ৮৩ মিনিটে তার দুর্দান্ত গোলেই স্বস্তির তিন পয়েন্ট পায় বার্সা।
যদিও খেলায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করে বার্সা। তবে অতিথি দলটির গোলরক্ষক ম্যাক্সিমিয়ানো ছিলেন অবিশ্বাস্য। তার দারুণ প্রচেষ্টাতেই বেশ কয়েকটি গোল হাতছাড়া করেছে বার্সা। অচলায়তনাবস্থা ভাঙে রাফিনহার দারুণ এক শটে। ৩৩ মিনিটে তিনিই প্রথমবার দলকে এগিয়ে দেন।
এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে আলমেরিয়ার লিও বাতিসতা গোল পরিশোধ করেন। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। ৬০ মিনিটে দলকে এগিয়ে দেন রবার্তো। ১১ মিনিট পরই এডগার গনজালেসের গোলে স্কোরলাইন ২-২ করে আলমেরিয়া। সেখান থেকে নিজের দ্বিতীয় গোলে বার্সাকে উদ্ধার করেন সেন্ট্রাল মিডফিল্ডার রবার্তো।
জার্মান বুন্দেসলিগায় গোল উৎসব দীর্ঘায়িত করে চলেছেন হ্যারি কেন। দল বদলালেও গোলের ধারা বদলায়নি ইংলিশ স্ট্রাইকারের। চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ১৫ খেলায় ২১ গোল করেছেন তিনি। এর আগে দ্রুততম সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছিল রবার্ট লেভান্ডফস্কির দখলে।
১৫ খেলায় তিনি করেছিলেন ২০ গোল। কেনের গোলে জয় পেয়েছে তার দল বায়ার্ন। ভলসবুর্গকে ২-১ গোলে হারিয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের সঙ্গে ব্যবধান কমিয়েছে বাভারিয়ানরা। বায়ার্নের পয়েন্ট ৩৮।
এদিকে ইংলিশ লিগ কাপের কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে ওয়েস্টহামকে ৫-১ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। খেলায় জোড়া গোল করেছেন মিডফিল্ডার কার্টিস জোন্স।
একটি করে গোল পেয়েছেন কোডি গ্যাকপো, ডমিনিক সোবোসলাই এবং বদলি খেলোয়াড় হিসেবে নামা মোহাম্মদ সালাহ। আগামী ১০ জানুয়ারি প্রথম সেমিফাইনালে ফুলহামের বিপক্ষে মাঠে নামবে ইয়ুর্গেন ক্লপের দল। দ্বিতীয়টিতে একে অপরের প্রতিপক্ষ চেলসি ও মিডলসব্রো।
জন্মদিনে খেলতে নেমে মেটজের বিপক্ষে জোড়া গোল করে পিএসজিকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন কাইলিয়ান এমবাপে। একই ম্যাচে এমবাপের ছোট ভাই ইথান এমবাপের অভিষেকও হয়েছে।