প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১১:৫৯ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ১২:১৫ পিএম
কাইল জেমিসন। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে এক প্রকার পরীক্ষানিরীক্ষার সিরিজই বানিয়েছে নিউজিল্যান্ড। চলমান সিরিজের ১৩ সদস্যের দলে যে কারণে চারজন নতুন মুখ ছিলেন। প্রথম ওয়ানডেতে অভিষেক হয় দুজনের। এবার সিরিজের পরবর্তী দুই ম্যাচের জন্য বিশ্রাম পেয়েছেন কাইর জেমিসন এবং দ্বিতীয় ওয়ানডেতে থাকবেন না ফিন অ্যালেন।
জানা গেছে, টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। তার আগেই জানা গিয়েছিল প্রথম ওয়ানডে খেলে বিশ্রামে যাবেন ইশ সোধি। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য ফিরবেন তিনি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জেমিসনের পুরোনো হ্যামস্ট্রিং চোট আবার মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকায় তাকে বিশ্রামে রাখতে চেয়েছে দেশটির বোর্ড। জেমিসনের জায়গায় দেখা যাবে বেন সিয়ার্সকে।
এ ব্যাপারে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘সামনে আমাদের অনেক ক্রিকেট ম্যাচ রয়েছে। আমরা সে কারণে কোনো ঝুঁকি নিতে চাই না। নিশ্চিত করতে চাই আগামীতে চোটমুক্ত টিম। এ ছাড়া আমরা নতুন খেলোয়াড়দেরও বাজিয়ে দেখতে চাই, যারা সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছে।’ আগামী বুধবার নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, জস ক্লার্কসন, রাচিন রবিন্দ্র, আদিত্য অশোক, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, উইলিয়াম ও’রাউকি, বেন সিয়ার্স, ফিন অ্যালেন (তৃতীয় ওয়ানডে)।