প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:৪৭ পিএম
ইনিংসটি অবিশ্বাস্য বললেও কম হবে। সেই কাজটিই করে দেখালেন হ্যারি ব্রুক ও ফিল সল্ট। রীতিমতো ইংলিশদের মধ্যমণিতে পরিণত হয়েছেন দুজন। ভঙ্গুর দলে ফিরিয়েছেন স্বস্তি। তাদের তাণ্ডবের দিনে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জিতল ইংল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ব্যবধান ২-১-এ নামিয়ে এনে সিরিজে টিকে রইল সফরকারীরা। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছিল স্বাগতিক উইন্ডিজ।
বাঁচা-মরা ম্যাচে শেষ ৪ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৭১ রান। আর শেষ ওভারে ২১। এমন জটিল সমীকরণ দুইয়ে দুইয়ে চার করে দেন ব্রুক। তিন ছয়, এক চার আর এক ডাবলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ব্রুক রাজত্বের দিনে ক্যারিবীয় সাগরপারে মহাপ্রলয়ের জন্ম দেন সল্ট। ২৮ বর্ষী এই তরুণ ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি (১০৯*)তুলে নেন।
টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের এই সংস্করণে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০২০ সালেও ইংলিশরা ২২৩ রান তাড়া করে জিতেছিল। সেঞ্চুরিয়নে ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মুম্বাইয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ ২৩০ রান তাড়া করে জিতেছিল তারা।