প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ১৩:৫২ পিএম
বার্সেলোনার হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন জোয়াও ফেলিক্স। ছবি: টুইটার
লা লিগায় ঘুরে দাঁড়াতে চেয়েছিল বার্সেলোনা। আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে অচেনা রয়্যাল অ্যান্টওয়ার্পের বিপক্ষে ৩-২ গোলে হারার আগে লিগ টপার জিরোনার কাছে রীতিমত ৪-২ গোলে উড়ে যায় বার্সা। অ্যাওয়ে ম্যাচে, এমনকি ঘরের মাঠেও জয় পেতে ভুলে গেছে স্প্যানিশ জায়ান্টরা। শনিবার রাতেও পয়েন্ট ভাগাভাগি করেছে জাভি হার্নান্দেসের দল। এগিয়ে গিয়ে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করেছে ১-১ ব্যবধানে।
ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি কোনো দল। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। তবে খেলায় প্রথমবার লিড নেয় বার্সা। ৫৫ মিনিটে রাফিনহার ক্রস থেকে সহজেই জালে বল ঠেলে দেন জোয়াও ফেলিক্স। ৭০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে সমতা আনেন ভ্যালেন্সিয়ার সেন্টার মিডফিল্ডার হুগো গিয়ামোন। ম্যাচের স্কোরলাইন হয়ে যায় ১-১। এরপর চেষ্টা করেও স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি দুই দল।
ভ্যালেন্সিয়ার সঙ্গে পয়েন্ট হারানোয় শীর্ষে থাকা জিরোনার সঙ্গে ব্যবধান কমাতে পারেনি বার্সা। তবে একধাপ উন্নতি হয়েছে তাদের, উঠে এসেছে তিনে। ১৭ খেলায় বার্সার সংগ্রহ ৩৫ পয়েন্ট। বার্সার উপরে থাকা রিয়াল মাদ্রিদের ঝুলিতে আছে ৩৭ পয়েন্ট। ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিরোনা। তবে বার্সার উপরে থাকা দুই দলই একটি করে ম্যাচ কম খেলেছে। এদিকে বার্সার সঙ্গে ড্র-তে একধাপ উন্নতি হয়েছে ভ্যালেন্সিয়ারও। ২০ পয়েন্ট নিয়ে দলটি উঠে এসেছে ১০-এ।