প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১২:২৪ পিএম
২০২২ সালের মে মাসের পর এই প্রথম প্রিমিয়ার লিগে পরপর দুই ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। ছবি: টুইটার
টানা চার ম্যাচে জয়বঞ্চিত থাকার পর আগের খেলায় নিউক্যাসল ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে টটেনহাম হটস্পার। জয়ের ধারা অব্যাহত রেখেছে শুক্রবার রাতেও। দলটি নটিংহাম ফরেস্টের বিপক্ষে ১০ জনের দল নিয়েও অ্যাঙ্গে পোস্তকোগলুর দল জয় পেয়েছে ২-০ ব্যবধানে। এই জয়ের ফলে শীর্ষ চারে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো স্পার্সরা। গোল পেয়েছেন রিচার্লিসন।
ম্যানসিটি ও টটেনহামের পয়েন্ট ৩৩ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষ চারের জায়গাটা দখলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পাঁচে আছে টটেনহাম। স্পার্সদের বিপক্ষে হারায় ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৬তম অবস্থানে রয়েছে নটিংহাম। অবনমন অঞ্চলে থাকা দলগুলোর থেকে ৫ পয়েন্টের ব্যবধান এগিয়ে নটিংহাম।
ইংলিশ প্রিমিয়ার লিগের ১৭ রাউন্ডের খেলায় নটিংহামের মাঠে আতিথেয়তা নেয় টটেনহাম। ম্যাচে দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসনের গোলে প্রথমে এগিয়ে যায় টটেনহাম। এ নিয়ে সবশেষ দুটি ম্যাচেই টটেনহামের জার্সিতে গোল পেলেন তিনি। ২০২২ সালের মে মাসের পর এই প্রথম প্রিমিয়ার লিগে ব্যাক টু ব্যাক গোল পেলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
বিরতির পর ফিরে সমতায় ফেরার সুযোগ পায় নটিংহাম। ৫৮ মিনিটে অ্যান্থনি অ্যালেঙ্গা জাল কাঁপিয়ে দেন স্পার্সদের। সমতায় ফেরার উল্লাসে বাঁধা হয়ে দাঁড়ায় ভিএআর রিভিউ। শেষ পর্যন্ত অফসাইটে গোলটি বাতিল হয়ে যায়।
এরপর ৬৫ মিনিটে কুলুসেভস্কির গোলে লিড দ্বিগুণ করে টটেনহাম। ৫ মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। লাল কার্ড দেখে এসময় মাঠ ছাড়েন স্পার্সদের মিডফিল্ডার ইয়েভেস মিসুমা। ১০ দশের দল নিয়েও অবশ্য জয় ব্যবধান ধরে রাখতে অসুবিধা হয়নি টটেনহামের। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তর লন্ডনের দলটি।