প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ২৩:০৫ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ২৩:১২ পিএম
গোলের দেখাই পাননি আবাহনীর ফুটবলাররা - ছবি: আ. ই. আলীম
স্বাধীনতা কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন না দেশের ফুটবলপিয়াসীরা। সাদা-কালো জার্সিধারীরা ফাইনালে উঠতে পারলেও আকাশি-নীলরা জায়গা করে নিতে পারেনি ফাইনাল মঞ্চে।
শিরোপার লড়াইয়ে মোহামেডানের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। আগামী সোমবার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে এ দুই দল।
কিংস অ্যারেনায় দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীকে ৪-০ গোলে হারিয়েছে কিংস। দলটির হয়ে একটি করে গোল করেন সোহেল রানা, মিগেল দামাশেনো, দোরিয়েলতন গোমেজ ও রবসন রবিনহো।
আজ শুক্রবার প্রথম সেমিফাইনালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান। ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভ।