প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩ ১০:০৬ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩ ১০:০৮ এএম
অনুশীলনে ব্যস্ত আবাহনীর ফুটবলাররা - ছবি: আ. ই. আলীম
গত কয়েক বছর ধরেই বদলে গেছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের গতিপথ। কোনো আসরে ফাইনালে মুখোমুখি আবাহনী-মোহামেডান এমনটা দেখা যায় কদাচ। সেই সম্ভাবনা তৈরি হয়েছে চলতি স্বাধীনতা কাপে। দুদলই জায়গা করে নিয়েছে শেষ চারে। ফাইনালের মঞ্চে জায়গা করে নেওয়ার জন্য দুদলকেই জিততে হবে সেমির যুদ্ধে। গোপালগঞ্জে মোহামেডানের প্রতিপক্ষ রহমতগঞ্জ। আর কিংস অ্যারেনায় অপর সেমিতে আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস।
ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। দুপুর ১টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে মোহামেডান খেলবে রহমতগঞ্জের বিপক্ষে। বিকাল ৪টায় কিংসের বিপক্ষে লড়াইয়ে নামবে ঢাকা আবাহনী।
ঘরোয়া ফুটবলে কিংস পরাশক্তি হয়ে ওঠার পর থেকেই আবাহনী লিমিটেডের সঙ্গে তাদের লড়াই নিয়েছে ভিন্নমাত্রা। বেশিরভাগ সময়ই শিরোপার লড়াই সীমাবদ্ধ থাকছে এই দুদলের মধ্যেই। স্বাধীনতা কাপের সর্বশেষ তিন আসরে কিংস শিরোপা জিতেছে দুবার। আর আবাহনী একবার। আর এর প্রভাব পড়ছে দুশিবিরেই। আজ দুদলের সেমির যুদ্ধ শুরুর আগেই অন্য এক যুদ্ধে জড়িয়েছে আবাহনী।
কিংস অ্যারেনায় সেমিফাইনালের ভেন্যু পরিবর্তনের আবেদন করেছিল আবাহনী। বাফুফের প্রফেশনাল লিগ কমিটিকে চিঠি দিয়ে আবাহনী তাদের সেমিফাইনাল ম্যাচটি কিংস অ্যারেনার পরিবর্তে অনুরোধ করেছিল অন্য কোনো ভেন্যুতে আয়োজনের। এ নিয়ে গত কয়েকদিন ধরে যথেষ্টই দৌড়ঝাঁপ করেছিল আবাহনী। কিন্তু তাদের আবেদন অগ্রাহ্য করেছে বাংলাদেশের ফুটবল শাসক সংস্থা বাফুফে। আবাহনীকে তাদের নির্ধারিত ভেন্যুতে খেলতে হবে, জানিয়ে দিয়েছে বাফুফে। মোট কথা, কিংস অ্যারেনায় সেমির লড়াইয়ে খেলতে হচ্ছে আবাহনীকে। তাদের নিরপেক্ষ ভেন্যুর যে দাবি তা পূরণ করেনি বাফুফে।
গত কয়েক বছর ধরে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে একক নাম হয়ে উঠেছে কিংস। টানা চারবারের লিগ চ্যাম্পিয়ন ছাড়াও বাকি ট্রফিগুলোতেও দেখাচ্ছে মুন্সিয়ানা। এমনকি ঢাকার ফুটবলে সবচেয়ে সফল দল আবাহনীও সাম্প্রতিক সময়ে কিংসের সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে। দুই দলের পরিসংখ্যানেও বেশ পিছিয়ে আবাহনী। এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছে দুই দল। এর মধ্যে কিংস ৮টি ম্যাচ জিতেছে। আবাহনী জিতেছে দুটি, ড্র হয়েছে দুটি।
গত মৌসুমে অবশ্য ফেডারেশন কাপে বসুন্ধরার রাজত্ব ভাঙতে সমর্থ হয়েছিল আবাহনী ও মোহামেডান। ওই আসরে ফাইনাল খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবারে আরেকটি আবাহনী-মোহামেডান ফাইনালের সম্ভাবনা ধরে রাখার বড় চ্যালেঞ্জটাই এখন আকাশি-নীল জার্সিধারীদের। কেননা অপর সেমিতে প্রতিপক্ষ হিসেবে অপেক্ষাকৃত দুর্বল দল পাচ্ছে সাদা-কালো জার্সিধারীরা। এ মুহূর্তে অবশ্য দুর্দান্ত ফর্মে আবাহনী। আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে নতুন মৌসুমে দারুণ খেলছে আবাহনী। গ্রুপ পর্ব ছাড়া নক আউটেও চমৎকার খেলছে আকাশি-নীলরা।
এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ঘরোয়া ফুটবলে বাড়তি নজর দিচ্ছে গত মৌসুমের লিগ বিজয়ী কিংস। কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনী দলকে তারা ২-১ গোলে হারিয়েছে। দলটির কোচ অস্কার ব্রুজন সব কটি ট্রফি জয়ের প্রত্যাশা করছেন এখন। ঘরোয়া ফুটবলে সবগুলো ট্রফি জিততে চান বলেও জানান কিংস কোচ।
সেমির যুদ্ধে আবাহনীর চেয়ে কিছুটা সুবিধাজনক জায়গায় মোহামেডান। প্রতিপক্ষ রহমতগঞ্জকে হারাতে পারলেই ট্রফি জয়ের শেষ ধাপে পৌঁছে যাবে সাদা-কালোরা। দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবলে খরা কাটিয়ে গতবার একটি শিরোপার স্বাদ পেয়েছে মোহামেডান। গত বছর ফেডারেশন কাপ জিতে নতুনভাবে জেগে ওঠার ইঙ্গিত দিয়েছে দলটি। এ মৌসুমে যথেষ্ট প্রতাপ দেখিয়েই স্বাধীনতা কাপে পৌঁছে গেছে শেষ চারে। কোয়ার্টারে চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে মোহামেডান।
আজকের ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া আলফাজ আহমেদের শিষ্যরা। তবে দলটির কোচ আলফাজ অবশ্য বেশ সাবধানী। বলেছেন, সমান সমান ম্যাচ হবে। দুই দলের সামনে জেতার সুযোগ আছে। রহমতগঞ্জকে অন্য চোখে দেখলে হবে না। ওরা তো অন্যদের হারিয়ে এই জায়গায় এসেছে। তবে ফাইনালে ওঠার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।
এ মুহূর্তে পুরান ঢাকার রহমতগঞ্জ ক্লাবটি কিছুটা বেকায়দায় আছে। দলটিকে নকআউট পর্ব খেলতে হচ্ছে হেড কোচকে ছাড়াই! নিয়মিত কোচ কামাল বাবু বিদায় নিয়েছেন আসরের মাঝপথেই।