× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিংকনের হাড় কাঁপানো শীতে উত্তাপ ছড়াল টাইগারদের ব্যাটিং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ২৩:২০ পিএম

বাংলাদেশের ব্যাটারদের প্রস্তুতি হয়েছে দারুণ

বাংলাদেশের ব্যাটারদের প্রস্তুতি হয়েছে দারুণ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আগামী রবিবার। তার আগে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল বাংলাদেশ। গা গরমের লড়াইটা হলো বেশ জমজমাট। ব্যাটারদের প্রস্তুতি হয়েছে দারুণ।

রান পেয়েছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাসরা। আর দল পেয়েছে প্রেরণাদায়ক ২৬ রানের জয়। লিংকনের হাড় কাঁপানো শীতল আবহাওয়ার মাঝে পাওয়া এ জয় ওয়ানডে সিরিজে নিশ্চিত উজ্জীবিত রাখবে টাইগার ক্রিকেটারদের।

উদ্বোধনী জুটিতে তামিমের সঙ্গে জুটি বাঁধেন এনামুল হক জুনিয়র। ৭ ওভারে দুজনের উদ্বোধনী জুটিতে ওঠে ৪৭ রান। পরে ৩১ বলে ৩৩ রান করে আউট হন এনামুল। তবে ফিফটি তুলে নেন তামিম। ৪৬ বলে ৪ ছক্কা ও ৫ চারের সাহায্যে করেন ৫৮ রান। 

ফিফটি পেয়েছেন সৌম্য সরকার ও লিটন দাস। সৌম্য ৭১ বলে ১ ছক্কা ও ৮ চারের মারে করেন ৫৯ রান। লিটনের ব্যাট থেকে এসেছে ৫৫ রান। তবে আশ্চর্যজনক ছিল রিশাদ হোসেনের ব্যাটিং। মূলত লেগস্পিনার হিসেবে পরিচিত এই বোলার আজ ব্যাট হাতে তাণ্ডবই চালিয়েছেন কিউই বোলারদের ওপর। শেষদিকে ৫৪ বলে করেন ৮৭ রান। ইনিংসে ৪ ছক্কা এবং বাউন্ডারির মার রয়েছে ১১টি।

লিংকনে এক বল বাকি থাকতে অলআউট হয় টাইগাররা। তার আগে স্কোরবোর্ডে ৩৩৪ রান জমা করে সফরকারী দলটি। কিউইদের হয়ে ৪ উইকেট তুলে নেন সম্রাট সিং। ব্যাটারদের ভালো প্রস্তুতির দিনে এবার বোলাররাও মন্দ করেননি। ৪৯.২ ওভারে নিউজিল্যান্ডকে আটকে রেখেছেন ৩০৮ রানে।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও উজ্জ্বল ছিলেন রিশাদ। নিয়েছেন ৩ উইকেট। তার সমান ৩ উইকেট শিকার করেছেন দীর্ঘদিন পর দলে ফেরা আফিফ হোসেন। দুটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। কালো জার্সিতে ৯২ রান নিয়ে উইকেট থেকে বিদায় নেন ভরত পপলি। স্বাগতিকদের হয়ে ৮৯ রান এনে দেন সন্দীপ প্যাটেল।

অলরাউন্ড পারফরম্যান্সের পর নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন নিয়ে রিশাদ বলেন, ‘প্রথমত একটু ঠান্ডা কন্ডিশন, আমরা গত দুই দিনে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ধীরে ধীরে প্র্যাকটিস ম্যাচের দিকে গিয়েছি। প্র্যাকটিস ম্যাচ যখন শুরু করেছি তার আগে আবহাওয়া ঠান্ডা নাকি এসব মাথায় ছিল না। চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার জন্য।’

চমৎকার এক দিনে নিজের দাপুটে ব্যাটিং-বোলিং নিয়ে রিশাদের ভাষ্য, ‘অনেক দিন পর সুযোগ পেয়েছি ব্যাটিং করার। লং টাইম ব্যাটিং করার, তো চেষ্টা করেছি যে উইকেটে থেকে রান করার। আর বোলিংয়ে ঠান্ডা কন্ডিশন তো সব সময় নিজেকে চেষ্টা করেছি গরম রাখার। যখন তখন বোলিং করতে হতে পারে এই জিনিসটা মাথায় ছিল। গরম ছিল... সবকিছুতে মানসিকভাবে রেডি ছিলাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা