চ্যাম্পিয়ন্স লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩ ০৯:২৭ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩ ১১:২১ এএম
গোল করে উল্লাসে মেতে ওঠেন কিলিয়ান এমবাপে। তবে ভিএআরএ গোলটি বাতিল করে দেন রেফারি। জাইরি এমিরির গোলে নকআউটের টিকিট পায় পিএসজি। ছবি : টুইটার
চ্যাম্পিয়ন্স লিগের মৃত্যুকূপ এ কারণেই ‘এফ’ গ্রুপকে বলা হতো। শেষ ম্যাচটিতে এসেও মাঠের লড়াই ছিল ভীষণ রোমাঞ্চকর। তার চেয়ে বড় কথা, শেষ ষোলোর টিকিট কাটতে বুরুশিয়া ডর্টমুন্ড বাদে এই গ্রুপের বাকি তিন দল পিএসজি, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড ভিন্ন ভিন্ন ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় নামে। প্রত্যেকের সামনেই ছিল সুযোগ। তবে নকআউট নিশ্চিতে হিসাবনিকাশের ছিল অনেক কিছু। ভিন্ন দুটি ম্যাচে নাটকের সবটাই হলো, তার পরও শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় নকআউটে ডর্টমুন্ডের সঙ্গী হলো পিএসজি।
পিএসজির সামনে সমীকরণ ছিল, জিতলেই নকআউট নিশ্চিত। হারলে কিংবা ড্র করলেও থাকবে সুযোগ। তাকিয়ে তাকতে হবে এসি মিলান-নিউক্যাসল ইউনাইটেড ম্যাচের দিকে। খেলা শুরুর ৫১ মিনিটে পিএসজি যখন ১-০ গোলে পিছিয়ে পড়ে, তখন ১-০ গোলে এগিয়ে গেছে নিউক্যাসল। ম্যাচের ফলাফল এটা শেষ পর্যন্ত থাকলে পিএসজিকে বিদায় নিতে হতো। তবে ৫৬ মিনিটে জাইরি এমিরির গোলে পিএসজি সমতায় ফেরে, দলটির ভাগ্য ভালো ওই ম্যাচেও সমতায় ফেরে এসি মিলান।
এ অবস্থা পিএসজির জন্য কিছুটা স্বস্তিদায়ক ছিল। তবে বাকি সময়টা ডর্টমুন্ডকে আটকে রাখতে হতো এবং ওই ম্যাচে কোনোভাবেই যেন নিউক্যাসল এগিয়ে না যায় সেদিকেও তাকিয়ে থাকতে হতো। এর মধ্যেই কিলিয়ান এমবাপের গোল, স্বস্তির গোল, উৎসবে মাতোয়ারা পুরো দল, কিন্তু ভিএআরে বাতিল হয়ে যায় গোলটি।
খেলার ৮৪ মিনিটের মাথায় ২-১ গোলে পিছিয়ে পড়ে নিউক্যাসল। এদিকে ১-১ গোলের ড্র মেনে মাঠ ছাড়ে পিএসজি। মিলানের জয় আর পিএসজির ড্রয়ে শেষ ষোলোর টিকিট পেয়ে যায় লুইস এনরিকের দল। শেষ ম্যাচটি জিতেও নকআউটে উঠতে ব্যর্থ হয় সাতবারের চ্যাম্পিয়নরা। আবার ম্যাচে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত হেরে বিদায় নেয় ইংলিশ জায়ান্টরা। ম্যাচটি জিতলে পিএসজিকে টপকে নিউক্যাসল যেতে পারত শেষ ষোলোয়। তবে বুধবার রাতে যেন সবকিছুই পক্ষে পেয়েছে পিএসজি। সব নাটকীয়তার শেষে চিত্রনাট্যে তাদেরই শেষ ষোলোয় রেখেছে।