প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:২৮ পিএম
চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার অনুশীলনে ফুরফুরে মেজাজেই ছিলেন পিএসজির ফুটবলাররা। ছবিতে কিলিয়ান এমবাপে ও আশরাফ হাকিমির খুনশুটি। ছবি: টুইটার
চ্যাম্পিয়ন্স লিগের ড্র হওয়ার পর থেকেই আকর্ষণের কেন্দ্রে ‘গ্রুপ অব ডেথ’খ্যাত ‘এফ’ গ্রুপটি। এই গ্রুপের ম্যাচ মানেই বাড়তি উৎসাহ আর উদ্দীপনা নিয়ে টিভিপর্দায় চোখ রাখে ফুটবলপ্রেমীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও এই আবেদন আকাশছোঁয়া। শেষ ষোলোর টিকিট কাটতে আজ রাতে মুখোমুখি হবে এসি মিলান ও নিউক্যাসল ইউনাইটেড। অন্য খেলায় বরুশিয়া ডর্টমুন্ডকে মোকাবিলা করবে পিএসজি।
জমে ওঠা ডেথ গ্রুপ থেকে আগেই নকআউট নিশ্চিত করে ফেলেছে ডর্টমুন্ড। বাকি তিন দলের মধ্যে যেকোনো একটি দল জায়গা পাবে শেষ ষোলোতে। তিন দলেরই নকআউটের যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। বোধকরি সবচেয়ে সহজ সমীকরণ পিএসজির সামনে। জার্মান জায়ান্টদের বিপক্ষে শুধু জিতলেই হবে। হারলেও সুযোগ থাকবে, সেক্ষেত্রে অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সমীকরণটা সহজ হলেও মাঠের লড়াই তাদের জন্য অতটা সহজ হবে না। কেননা বরুশিয়া ডর্টমুন্ড রয়েছে দারুণ ছন্দে। ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে নিশ্চয়ই ছাড় দেবে না তারা।
তবে অতীত ইতিহাস পক্ষেই পাচ্ছে পিএসজি। পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে পিএসজি। দুবার করে জয় এবং ড্র করেছে প্যারিসিয়ানরা। বিপরীতে ফরাসি ক্লাবটির বিপক্ষে কেবল একবারই জিতেছিল ডর্টমুন্ড। চলতি মৌসুমেই পার্ক দেস প্রিন্সেসে প্রথম লেগের খেলায় জার্মান জায়ান্টদের ২-০ গোলে হারিয়েছিল লুইস এনরিকের দল। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে জিততে চায় দলটি। সেটি কোচের কথাতেও পরিষ্কার, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রতি মনোযোগী হওয়া। আমরা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে যেতে চাই। হারলেও হয়তো সুযোগ থাকবে, কিন্তু আমরা সমীকরণটা জটিল করতে চাই না। আশা করি ম্যাচটি জিতে সহজভাবেই পরের রাউন্ডে জায়গা করে নিতে পারব।’
এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না ডর্টমুন্ডও। পিএসজির বিপক্ষে জয় কিংবা ড্র করলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কাটবে। লক্ষ্য সেটাই তা মনে করিয়ে দিয়েছেন দলটির ডিফেন্ডার ম্যাট হ্যামেলস, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। সেজন্য আগামীকাল আমাদের অন্তত একটি পয়েন্ট পেতে হবে। যদিও আমরা পূর্ণ তিন পয়েন্টের জন্য লড়াই করব।’
এই গ্রুপের অন্য খেলায় এসি মিলানকে আতিথেয়তা দেবে নিউক্যাসল। ঘরের মাঠে মিলানের বিপক্ষে তিন পয়েন্ট পেলে তাদের পয়েন্ট হবে ৮। আবার নিউক্যাসলের বিপক্ষে ৩ পয়েন্ট পেলে ৮ পয়েন্ট হবে মিলানেরও। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা পিএসজি হারলে কিংবা ড্র করলে এই দুই দলের জয়ী দল শেষ ষোলোর টিকিট পাবে। তবে পয়েন্টের হিসাব-নিকাশে কিছুটা জটিলতা রয়েছে মিলানের জন্য। প্রথম লেগের খেলায় মিলান-নিউক্যাসল গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছিল। আজকের ম্যাচে তেমন কিছু হলে কপাল পুড়বে দুই দলেই। সেক্ষেত্রে জয় না পেলেও নকআউটে চলে যাবে পিএসজি।