প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ২২:৫৩ পিএম
সাকিব-শিশিরের বিবাহবার্ষিকী আজ
ইংল্যান্ড সফরে পরিচয়। প্রথম দেখাতেই ভালোলাগা। পরে সাকিব আল হাসানের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে উম্মে আহমেদ শিশিরের। সেই বন্ধুত্ব থেকেই ঘটে পরিণয়। শেষে ১২/১২/১২ বিশেষ তারিখে যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরকে বিয়ে করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ তারকা দম্পতির সাড়াজাগানো সেই বিয়ে এক যুগে পা দিয়েছে। আজ বিবাহবার্ষিকীতে সেই সুখস্মৃতি রোমন্থন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেন সাকিবপত্নী শিশির।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে শিশির লেখেন, ‘একসঙ্গে আমাদের ১১ বছর, আলহামদুলিল্লাহ! আমাদের খুব ছোট্ট জগৎটার বড় অংশটাই একে অন্যর প্রতি ভালোবাসা ও সম্মানে ভরা। একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত একে অন্যকে যেকোনো পরিস্থিতিতে সমর্থনের যে প্রতিজ্ঞা আমরা করেছিলাম তা রক্ষা করে চলেছি। আল্লাহ আমাদের সফলতা দান করুন এবং শেষ দিন পর্যন্ত আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন। ভালোবাসা মোটে একটা শব্দ, কিন্তু অনুভূতিটাই সবকিছু! ১১ বছর এবং আরও অনেক দিনের জন্য উল্লসিত, ইনশাআল্লাহ।’