× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর হাফসেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৫ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেই পেশাদার ক্যারিয়ারে ১২০০তম ম্যাচটি খেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্টাসের হয়ে মাইফলকের ম্যাচে গোলও করেছিলেন ৩৮ বছর বয়সি পর্তুগিজ তারকা। অথচ কাতার বিশ্বকাপের পর অনেকেই বুড়োদের কাতারে ফেলে দিয়েছিলেন সিআর সেভেনকে। মধ্যপ্রাচ্যের আসরেই রোনালদোর শেষ দেখেছিলেন অনেকে। কিন্তু অদম্য রোনালদো ফুরিয়ে যাননি। সেটার প্রমাণ তিনি দিয়েছেন অনেকবারই। সবশেষ সোমবার রাতে আরও একবার প্রমাণ দিলেন, চলতি বছরের ৫০তম গোলের দুর্দান্ত এক মাইলফলক ছুঁয়েছেন আল নাসর তারকা।

এ বছর ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান রোনালদো। প্রো লিগের ক্লাব আল নাসরে নাম লেখান পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। সেখানে দারুণ ছন্দেই আছেন পর্তুগিজ যুবরাজ। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ গোল করেছেন রোনালদো। এ ছাড়া প্রো লিগের ১৫ খেলায় ১৬টি গোল করে চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার মুকুট পরে আছেন তিনি। 

সোমবার কিং কাপের কোয়ার্টার ফাইনালে আল শাবাবের মুখোমুখি হয় রোনালদোর আল নাসর। খেলায় ৫-২ গোলে শাবাবকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রোনালদো-সাদিও মানেরা। ১৭ মিনিটে সিকো ফোফানার গোলে লিড নেয় আল নাসর। ২৪ মিনিটে কার্লোসের গোলে ১-১ সমতায় ফেরে শাবাব। এক মিনিট পরই মানের গোলে আবারও এগিয়ে যায় আল নাসর। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল রহমান ঘারিবের গোলে স্কোরলাইন ৩-১ করে বিরতিতে যায় সৌদি জায়ান্টরা।

বিরতির পর ৭৪ মিনিটে দলের লিড বাড়িয়ে দেন রোনালদো। তাতেই ৫০ গোলের মাইলফলকটি ছুঁয়ে ফেলেন তিনি। এরপর খেলার যোগ করা সময়ে দুই দলই একটি করে গোল করেছেন। তবে রোনালদোর মাইলফলকের গোলটি ছিল আল নাসরের জার্সিতে ৪০তম গোল এবং বাকি ১০ গোল করেছেন পর্তুগালের জার্সিতে। 

দারুণ এই মাইলফলক ছুঁয়ে অবশ্য এখনই থামতে চান না রোনালদো। জয় এবং গোলের ক্ষুধা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য দারুণ একটি জয়। অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমি বছরে ৫০তম গোলটি করেছি। সতীর্থ, ভক্ত-সমর্থক এবং আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, তাদের সহযোগিতা ছাড়া এটা অর্জন সম্ভব হতো না। তবে এখনও অনেক দূর যেতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা