প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩ ১৬:০২ পিএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩ ১৬:০২ পিএম
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে সোমবার অনুশীলনে জামাল মুসিয়ালা। ছবি: টুইটার
২০১৯ সালে বায়ার্ন মিউনিখে নাম লেখানোর আগে আট বছর ইংল্যান্ডে কাটিয়েছেন জামাল মুসিয়ালা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির একাডেমিতেই হয়েছে মুসিয়ালার বেড়ে ওঠা। সেই সময়গুলো এখনও মনে করে রোমাঞ্চিত হন জার্মান তরুণ। ব্লুজদের একাডেমিতে থাকাকালীন বেশ কয়েকবার পরিদর্শন করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হোম ভেন্যু ওল্ড ট্রাফোর্ড। ঐতিহ্যবাহী ক্লাবটি তখন তার জন্য ছিল স্বপ্নের ক্লাবের মতো। ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর হয়ে খেলার সুপ্ত বাসনাও ছিল মনে। সেটি পূরণ না হলেও আজ রাতে প্রিয় মাঠেই রেড ডেভিলদের বিপক্ষে মাঠে নামবেন মুসিয়ালা।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ম্যানইউর প্রতিপক্ষ আজ বায়ার্ন মিউনিখ। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ২ টায়। ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন। হারলেও তাদের জন্য কোনো সমস্যা নেই। তবে জিততেই হবে ম্যানইউকে। শেষ ষোলোতে উঠতে কেবল জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে এফসি কোপেনহেগেন-গালাতাসারে ম্যাচের দিকে। সেই ম্যাচে ফলাফল কেবল ড্র হলে এবং বায়ার্নের বিপক্ষে জয়ে পেলেই শেষ ষোলোর টিকিট পাবে এরিক টেন হাগের দল।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানইউকে হারাতে আত্মবিশ্বাসী বায়ার্নের ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমকে মুসিয়ালা বলেছেন, ‘আমি যখন ইংল্যান্ডে ছিলাম ওল্ড ট্রাফোর্ডে খেলা ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমার মনে হয় প্রায় সব তরুণই এমন স্বপ্ন নিয়ে বড় হন। আমি ছোট থাকতে এখানে খেলা দেখতে পারাকে উপভোগ করতাম। আমি মনে করি আগামীকাল (আজ) এখানে খেলাটা আমার জন্য দুর্দান্ত হবে।ইউনাইটেড এই মৌসুমে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। তারা আমাদের বিপক্ষে জিততে চাইবে। জেতার জন্য তাদের সেই মানের খেলোয়াড়ও রয়েছে যথেষ্ট। তবে আমরাও তাদেরকে হারাতে আত্মবিশ্বাসী।’
তবে আজকের ম্যাচে মুসিয়ালার খেলা পুরোপুরি নিশ্চিত নয়। মাত্রই হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ওঠায় এই ম্যাচে তাকে খেলাবে কি না সেটি নিশ্চিত করে জানা যায়নি। প্রধান কোচ টমাস টুখেল বলেছেন জামাল খুব সম্ভবত ৯ মিনিট খেলবে না। ‘সে হয়ত শুরুর একাদশে থাকবে, তবে তাকে অবশ্যই উঠিয়ে নেওয়া হবে। আবার বেঞ্চেও থাকতে পারে, শেষ দিকে তাকে নামানো হতে পারে, আমি আসলে ওকে নিয়ে এখনও সিদ্ধান্ত নেইনি।’