প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ১১:৪৭ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ১১:৪৯ এএম
জয় নিশ্চিতের পর ম্যাথিউ ফোর্ডের সঙ্গে রোমারিও শেইফার্ডের উদযাপন। ছবি: ক্রিকইনফো
ওয়ানডে ক্রিকেটে নিজেদের হারিয়ে খুঁজছিল উইন্ডিজ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নিজেদের ক্রিকেট ইতিহাসে এমনটা ঘটেছে এবারই প্রথম। ব্যর্থতার চূড়ান্ত গল্পের পর অবশেষে স্বস্তির একটি সিরিজ কাটিয়েছে মেরুন জার্সিধারীরা। ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে হারিয়েছে শাই হোপের দল।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়টা উইন্ডিজের জন্য সময়ের প্রেক্ষাপটে বড় ঘটনাই। এক সময়ের মহাপ্রতাপশালী দলটি তো ভুলেই গিয়েছিল ওয়ানডে সিরিজ জয়। সবশেষ আড়াই বছরে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এই প্রথম সিরিজ জিতল ক্যারিবিয়ানরা। এছাড়া ২০০৭ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে সিরিজ জিতেছে উইন্ডিজ।
শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে কীনা সেটা নিয়ে ছিল শঙ্কা। বৃষ্টিবাঁধা উপেক্ষা করে শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায়। তবে কার্টেল ওভারে ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। ব্রিজটাউনে টস হেরে ব্যাটিংয়ে নামে সফরকারী ইংল্যান্ড। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০৯ রান জমা করে জস বাটলারের দল। আরেক দফায় বৃষ্টি হলে ডিএলএস মেথডে উইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৮৮ রান। ১৪ বল এবং ৪ উইকেট হাতে রেখে সেটি টপকে যায় স্বাগতিকরা। অলরাউন্ডিং নৈপুন্যে ম্যাচ সেরা হয়েছেন এই ম্যাচেই অভিষেক হওয়া ম্যাথিউ ফোর্ড। সিরিজ সেরার স্বীকৃতি উঠেছে শাই হোপের হাতে।
রান তাড়ায় অবশ্য শুরুটা ভালো ছিল না উইন্ডিজের। দলীয় ২ রানের মাথায় ব্রেন্ডন কিংকে হারায় দলটি। এরপর ৭৬ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন অ্যালিক অ্যাথানেজ এবং কেচি কার্টি। পরের ৫৮ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় হোপের দল। এসময় ৫০ রানে কার্টি, অ্যাথানেজ ৪৫ এবং হোপ ১২ রান করে আউট হন। তবে রোমারিও শেইফার্ডের ৩৮ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে জয় পায় উইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন উইল জ্যাকস।
এর আগে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। দলীয় ৪৯ রানের মাথায় ৫ উইকেট হারায় বাটলারের দল। পাঁচজনের মধ্যে কেবল জ্যাকসের ব্যাট থেকে আসে দুই অঙ্কের রান। তবে বেন ডাকেট ৭১ রানের দারুণ একটি ইনিংস খেলে দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৪৫ এবং গুস অ্যাটকিনসন করেন ২০ রান। অভিষিক্ত পেসার ফোর্ড এবং আরেক পেসার আলজারি জোসেফ তিনটি করে উইকেট নেন। এবার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আগামী ১৩ ডিসেম্বর ব্রিজটাউনে মুখোমুখি হবে দুই দল।