প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ২২:১১ পিএম
সংবাদ সম্মেলনে বারবার টেস্ট সিরিজ বাঁচানোর কথাই বলেছেন সাউদি— আ. ই. আলীম
ঢাকা টেস্টে নিউজিল্যান্ডের হারানোর ছিল অনেক কিছু। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হারের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুতেই সমালোচনার মুখে পড়তে হতো তাদের। তাই ব্ল্যাক ক্যাপস অধিনায়কের চাপটা একটু বেশিই ছিল।
কেন উইলিয়ামসন ও টম লাথামকে রেখে তাকে দেওয়া দায়িত্ব নিয়েও হয়তো প্রশ্ন উঠত। সেটি হতে দেননি সফরকারী স্পিনাররা এবং বিশেষভাবে গ্লেন ফিলিপস। আর তাই শেষ ম্যাচ জিতে পিছিয়ে পড়া সিরিজ সমতায় শেষ করতে পেরে বেজায় খুশি কিউই অধিনায়ক টিম সাউদি।
শনিবার সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বারবার টেস্ট সিরিজ বাঁচানোর কথাই বলেছেন সাউদি। মিরপুরের শ্লথ ও ঘূর্ণিসর্বস্ব উইকেটে রোমাঞ্চ থাকলেও এটাকে লড়াইয়ের জন্য আদর্শ মানছেন না সফরকারী অধিনায়ক।
উইকেটের মূল্যায়নে সাউদির ভাষ্য, ‘আমার মনে হয় ক্যারিয়ারের সবচেয়ে খারাপ উইকেট ছিল এটি। ব্যাট-বলের মাঝে ভারসাম্য কম ছিল। বোলারদের হাতেই বেশিরভাগ নিয়ন্ত্রণ ছিল। ম্যাচ ১৭০ ওভারেই (আসলে ১৭৮.১ ওভার) শেষ হয়ে গিয়েছে। আমাদের ছেলেরা এরপরও জয় নিয়ে এসেছে, যা আনন্দের ছিল।’
সিলেট টেস্টের পর থেকে নিউজিল্যান্ডের প্রতিনিধি হয়ে যারাই এসেছেন তাদের সবার বক্ত্যই ছিল, তারা বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্লুপ্রিন্ট পেয়ে গেছি। সেই ব্লুপ্রিন্ট যে স্পিন অ্যাটাক, তা আর বলার অপেক্ষা রাখে না।
বাংলাদেশের হোম অ্যাডভান্টেজ উল্টো বুমেরাং হওয়া প্রসঙ্গে সাউদি বলেছেন, ‘দুনিয়ার এই প্রান্তে কন্ডিশন, উইকেট সবকিছুই অচেনা। টসে হারাটাও ভালো ছিল না। এত কিছুর পরও এমন কঠিন উইকেটে দিনশেষে জিততে পারাটা বেশ আনন্দের।’
সিরিজ সমতায় শেষ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত সাউদি। এর জন্য সতীর্থ স্পিনার এবং গ্লেন ফিলিপসকে আলাদা করে কৃতিত্ব দিয়েছেন কিউই অধিনায়ক। তার ভাষায়, বেশ কয়েকজন ক্রিকেটার নিজেদের জায়গা থেকে দায়িত্ব নেওয়ার কারণেই প্রথম ম্যাচের পর এভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। তবে উইকেট নিয়ে সমালোচনা ঠিকই করেছেন সাউদি।
কিউই অধিনায়কের মূল্যায়ন, ‘আসলে অনেকভাবেই তো উইকেটকে মূল্যায়ন করা যায়। ১৭০ ওভারের মধ্যে খেলা শেষ হওয়াটা উইকেট সম্পর্কে একটা ধারণা দেয়। প্রতি মুহূর্তেই এখানে ব্যাট-বলের লড়াই হয়েছে।’
মিরপুরে চার দিনে খেলা হয়েছে ১৭৮.১ ওভার। অর্থাৎ দুই দিনেরও কম। লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ সমতায় শেষ করেছে সফরকারীরা। স্বাগতিকদের বিপক্ষে এমন রোমাঞ্চকর ম্যাচ জিততে পেরে কিউই অধিনায়ক খুশি হবেন এটাই তো স্বাভাবিক।