× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা টেস্ট

‘ব্যাটল অব স্পিনে’ জয় কিউইদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১০:১৩ এএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২৮ পিএম

দুই ম্যাচের সিরিজ সমতা হয়েছে ১-১ ব্যবধানে। আ. ই. আলীম

দুই ম্যাচের সিরিজ সমতা হয়েছে ১-১ ব্যবধানে। আ. ই. আলীম

গ্লেন ফিলিপস প্রথম ইনিংসেও বাধা হয়ে দাড়িয়েছিলেন। তার দাপুটে ফিফটিতে চড়েই লিড নেয় নিউজিল্যান্ড। এবার বাংলাদেশের স্পিনারদের কবলে ধুঁকতে থাকা দলকেও পথ দেখালেন ফিলিপস। আগের দিনের ‘ওয়ান ম্যান শোয়ের’ পর আজও হেসেছে তার ব্যাট। মিচেল স্যান্টনারও দিয়েছেন যোগ্য সঙ্গ। তাতেই ৪ উইকেটের হারে ঐতিহাসিক সিরিজ জয় সম্ভব হয়নি নাজমুল হোসেন শান্তদের।

আবহাওয়া বাদ সাধায় চারদিনে গড়ানো টেস্টের নায়ক মূলত ফিলিপস। চতুর্থ দিনে সকালে বাংলাদেশের ব্যাটারদের স্পিনে ১৩৬ রানে আটকে রাখে নিউজিল্যান্ড। আইজাজ প্যাটেলের হওয়া দিনটি শেষে নিজের করে নেন মিচেল স্যান্টনার। ৪৮ বলে ৪০ রান করা ফিলিপসের সঙ্গে গড়েন ৭০ রানের জুটি। ৭৭ বলে ম্যাচজয়ী জুটিতে ৩৯ বলে স্যান্টনার করেন ৩৫ রান।

বাংলাদেশের হয়ে তাইজুল নেন দুটি উইকেট, তিনটি শিকার মিরাজের। দ্বিতীয় সেশনে চা বিরতির পর তাদের স্পিনকে ওয়ানডে স্টাইলে গুড়িয়ে দেন স্যান্টনার-মিচেল। একদিন আগেই ৪ উইকেট রেখে জয় আসে তাতে। 

সিলেটে ১৫০ রানে হেরে যাওয়া নিউজিল্যান্ড ঢাকা টেস্ট জিতে সিরিজ বাঁচিয়েছে, সঙ্গে যোগ করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট। দুই ম্যাচের সাদা পোশাকের সিরিজ ফয়সালা হয়েছে ১-১ ব্যবধানে।

স্পিনে ধুঁকছে কিউইরা


ঢাকা টেস্টের চতুর্থ দিনে স্পিনাররা সুবিধা পাচ্ছে বেশ। টার্ন করছে, স্কিড করে হুট করেই লাফিয়ে উঠছে বল। আইজাজ প্যাটেলের সঙ্গে মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে সকালে সেই ফায়দা তুলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে থেমেছে দেড়শ রানের আগেই। ইটের জবাবে এবার পাটকেল ছুড়ছেন মিরাজ-তাইজুলরা।  দলীয় শতরান তোলার আগেই সফরকারীরা হারিয়েছে তাদের ৬ উইকেট।

ওয়ানডের মতো হয়ে যাওয়া টেস্টে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের লক্ষ্য দাড়িয়েছে ১৩৭ রানে। চা পানের বিরতির আগে পর্যন্ত ৯০ রান তুলেছে তারা। টেস্ট সিরিজ রক্ষা করতে কিউইদের প্রয়োজন আরও ৪৭ রান। বাংলাদেশের আর ৪ উইকেট। ড্যারিল মিচেলকে সঙ্গ দিচ্ছেন আগের দিনের নায়ক গ্লেন ফিলিপস। দুজনে ‘ব্যাটল অব স্পিনের’ বিরুদ্ধে গড়েছেন ২১ রানের গুরত্বপূর্ন জুটি। বাংলাদেশকে তিনবার সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তা্ইজুল ইসলামের শিকার দুটি, ডেভন কনওয়েকে ফিরিয়েছেন শরিফুল ইসলাম।

লাঞ্চের আগে সাবধানী কিউইরা


শরিফুল ইসলাম বেশ কয়েকবার পরাস্ত করেছিলেন। কিন্তু কিউইদের দুই ওপেনার এতটুকু সুযোগ দেননি। টম লাথাম আর ডেভন কনওয়ের সাবধানী ব্যাটিংয়ে অক্ষত জুটিতে ৪ রান তুলেছে নিউজিল্যান্ড। ঢাকা টেস্ট নিজেদের করতে তাদের প্রয়োজন আরও ১৩৩ রান। হাতে পুরো দশ উইকেট।

মিরপুরে শনিবার সকালে কিউইদের স্পিন তোপে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। ৮ উইকে হাতে নিয়েও শতরান জমা করার আগেই থামে শান্তদের ইনিংস। ১৩৭ রানের পুজি পায় দল। সিলেট টেস্টের পর ঢাকা টেস্ট নিজেদের করতে এই পুঁজিতেই আটকাতে হবে কিউইদের। চতুর্থ দিনের দুই সেশন বাদেও আরও একটি দিন আছে ঢাকা টেস্টের। 

১৩৭ রান করলেই ঢাকা টেস্ট কিউইদের

প্যাটেল-মিচেলে ধসে পড়েছে বাংলাদেশের ইনিংস— আ. ই. আলীম

শেষ উইকেট জুটিতে বাংলাদেশের দুই টেলএন্ডার এনেছেন ১৫ রান। তাইজুল-শরিফুলের পাল্টা আক্রমণ আখেরে তেমন কিছু করতে পারেনি। আইজাজ প্যাটেলের তোপে খাবি খাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে থেমেছে ১৪৪ রানে।

সিলেট টেস্টে হেরে যাওয়া কিউইদের বিপক্ষে সিরিজ জিততে হলে ১৩৭ রানের মাঝে আটকাতে হবে টিম সাউদিদের। জাকির হাসানের ফিফটি ছাড়ানো দিনে কিউই স্পিনারদের তাণ্ডবের মুখে পড়ে বাংলাদেশ। আগের দিন ২ উইকেট হারানো দল দেড় ঘণ্টাও ব্যাটিং করতে পারেনি।

স্পিনারদের তোপ, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


ঢাকা টেস্টের আগের দুই দিন দাপট দেখিয়েছিল বৃষ্টি, সঙ্গে মরার ওপর খাঁড়ার ঘা হয়ে ছিল আলোস্বল্পতা। আজ চতুর্থ দিনে গড়ানো টেস্টে ফের স্পিন দাপট। মিরপুরে স্পিন ঘূর্ণির সকাল নিজের করে নিয়েছেন স্যান্টনার-প্যাটেল। দুজনের তোপে বাংলাদেশের আশা হয়ে থাকা জাকির হাসানও ফিরেছেন ফিফটি করে।

আগের দিন ১৬ রানে অপরাজিত থাকা জাকির এখন পর্যন্ত ৫৯ রান করে লিড বাড়িয়েছেন। দ্বিতীয় ইনিংসে কিউইদের থেকে ১১৭ রানে এগিয়ে টাইগাররা। ব্যাটিংব্যর্থতার সকালে বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট।

এ প্রতিবেদন লেখা অবধি ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে বাংলাদেশ। জাকির ফিরেছেন ৫৯ রান করে। শান্তদের বাকি আছে ১ উইকেট।

দিনের শুরুতেই বড় চাপে বাংলাদেশ

বেশ আক্রমণাত্মক মেজাজে ছিলেন জাকির হাসান। তার দাপুটে ব্যাটিংয়ে বাগড়া দিয়েছেন আইজাজ প্যাটেল-মিচেল স্যান্টনার। আইজাজের বলে পুল করতে গেলে মুমিনুলের প্যাডে লাগে বল। আম্পায়ারও আঙুল তুলে দেন সঙ্গে সঙ্গে। ১৯ বল খেলে ১০ রানে আউট হন তিনি। এরপর মুশফিকুর রহিম ও সাহাদাত হোসনকে সকালেই ফিরিয়েছেন স্যান্টনার।

ঢাকা টেস্টের চতুর্থ দিনে ৮৫ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। আগের দিন ৩৮ রানে ২ উইকেট থেকে খেলা শুরু করেছিল। শতরানের আগে ৫ উইকেট হারিয়ে ফেলায় বড় রোমাঞ্চের অপেক্ষা করছে আজ।

আলোস্বল্পতায় বন্ধ তৃতীয় দিনের খেলা


বৃষ্টি, ভেজা মাঠ এবং সবশেষে আলোর স্বল্পতা—সব কাটিয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে এক সেশনের কিছুটা সময় বেশি। দ্বিতীয় দিনের পুরোটা বৃষ্টির পেটে যাওয়ার পর ঘোষণা ছিল তৃতীয় দিন বেশি সময় খেলা হবে। তবে আলোস্বল্পতা তা হতে দেয়নি। বরং দিনের খেলা থামিয়ে দিয়েছে দুপুর আড়াইটার খানিক পরই। দিনের খেলা থামার আনুষ্ঠানিক ঘোষণা আসে বিকাল ৪টার পর।

মিরপুরে আকাশ দুপুর আড়াইটার পর আর পরিষ্কার হয়নি। ম্যাচ অফিসিয়ালসরা ঘণ্টা দুয়েক মাঠে অপেক্ষা করার পর দিনের খেলা বন্ধ ঘোষণা করে দেন। বৃষ্টি ছিল না, তবে আলো খেলার উপযোগী না থাকায় আড়াইটার পর ড্রেসিংরুমে ফেরত যান দুই দলের খেলোয়াড়রা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ এখন পর্যন্ত ৩০ রান এগিয়ে আছে।

শুক্রবার সকালের সেশনে খেলা বন্ধ থাকে ভেজা মাঠের কারণে। লাঞ্চের পর শুরু হলে একপাশ আগলে দাপট দেখান গ্লেন ফিলিপস। তার দুর্দান্ত ফিফটির দিনে শান্তদের থেকে ৮ রানের লিড নেয় কিউইরা। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামার অপেক্ষায় থাকা বাংলাদেশ তুলেছে ৩৮ রান। আলোস্বল্পতায় খেলা থামার আগে হারিয়েছে ২ উইকেট। বাংলাদেশের অধিনায়ক ফিরেছেন ১৫ রান করে। ২ রান যোগ করে ইনিংসের শুরুর ওভারেই ফিরেছেন ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা