ঢাকা টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ২৩:৩১ পিএম
ফিলিপস খেলেছিলেন ঝড়ো ইনিংস— ছবি: আ. ই. আলীম
বৃষ্টি, ভেজা মাঠ এবং শেষে আলোকস্বল্পতা— সব কাটিয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে এক সেশনের কিছু বেশি। এই স্বল্প সময়েই প্রথম দিনের ঘাটতি পুষিয়ে বাংলাদেশের জন্য সিরিজ নির্ধারণী ঢাকা টেস্টকে কঠিন করে দিয়েছেন কিউই অলরাউন্ডার গ্লেন ফিলিপস। তার ৭২ বলে গড়া ৮৭ রানের ইনিংসে ভর দিয়ে ৮ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। বল হাতেও দারুণ শুরু পেয়ে গেছে কিউইরা। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৩৮ রানেই ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় দিনের পুরোটা বৃষ্টির পেটে যাওয়ার পর তৃতীয় দিনে খেলা বেশি হওয়ার কথা ছিল ৩০ মিনিট। তবে আলোকস্বল্পতা সেটি তো হতে দেয়নি, বরং দিনের খেলা থামিয়ে দিয়েছে দুপুর আড়াইটার খানিক পরেই।
গতকাল শুক্রবারের দিনটাকে ভাগ করা যায় দুটি ভাগে। বাংলাদেশের দুর্দান্ত ফিল্ডিং আর ফিলিপসের আগ্রাসী ব্যাটিং। আপাতদৃষ্টিতে তৃতীয় দিন শেষে দুদলই সমানে সমান। তবে শুধু এটুকু বললে মোটেও সুবিচার করা হবে না ফিলিপসের প্রতি। ৫৫ রানে ৫ উইকেট নিয়ে খেলতে নামা কিউইরা আক্ষরিক অর্থেই ছিল কোণঠাসা।
বোলিংবান্ধব উইকেটে ১১৭ রানে পিছিয়ে থাকা দলটিকে খাদের কিনার থেকে একাই টেনে তুললেন ফিলিপস। সতীর্থদের সমর্থনও পাননি। তাকে ড্যারিল মিচেলই যা একটু সঙ্গ দেন। ব্যক্তিগত ১৮ রানে মিচেল ফিরলেও একপাশ থেকে ধ্বংসযজ্ঞ চালিয়ে যান ফিলিপস।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে অসময়ের বৃষ্টি সকাল ৯টার দিকে থামলেও শুক্রবার তৃতীয় দিনের খেলা মাঠে গড়ায় দুপুর ১২টায়। কিন্তু সব মিলিয়ে খেলা হয় ৩৪ ওভার। সেখানে কিউইরা হারায় তাদের প্রথম ইনিংসের শেষ ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৩০ রান এগিয়ে থাকা বাংলাদেশ হারায় দুই টপ অর্ডার ব্যাটার। আজ শনিবার টেস্টের চতুর্থ দিনে স্বাগতিক দলের হয়ে ব্যাটিং শুরু করবেন জাকির হাসান ও মুমিনুল হক। ১৬ রানে ব্যাট করছেন ওপেনার জাকির আর মাত্র ১ বল খেলা মুমিনুল রানের খাতা খুলতে পারেননি।
দিনের শেষে ফিলিপস জানিয়েছেন তাদের টার্গেটের কথা, ‘সত্যি বলতে প্রথম ইনিংসে আমাদের শুরুটা যাচ্ছেতাই ছিল, যা আমাদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। এখানে ১৮০ বা ২০০ রানের কাছাকাছি একটা লক্ষ্য পেলে সেটার জবাব দেওয়া আমাদের জন্য কঠিন হবে না। আমরা তাদের ২০০ রানের নিচে আটকে রাখতে পারলেই বেশি খুশি হব।’
সিরিজ জয়ের মিশন সফল করতে আজ চতুর্থ দিনে যতটা সম্ভব বেশি সময় ব্যাটিং করতে চায় স্বাগতিকরা। সতীর্থ ব্যাটারদের ওপর আস্থা রাখছেন স্বাগতিক দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাঈম হাসান, ‘আমার মনে হয় যত লম্বা সময় ব্যাটিং করতে পারি আমাদের জন্য তত ভালো হবে। ২০০-২২০ রান করতে পারলে আমরা সেটাকে ডিফেন্ড করতে পারব।’
সিলেট টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য আজকের দিনটি ভীষণ চ্যালেঞ্জের। প্রথম টেস্টে এই ধরনের পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে অনবদ্য সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল শেষ বিকালে ব্যক্তিগত ১৫ রানে সাজঘরমুখো হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আজ টাইগার ব্যাটারদের ওপর নির্ভর করছে এই টেস্টের ভাগ্য। চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে না পারলে স্বপ্নই থেকে যাবে সিরিজ জয়ের স্বপ্ন। কিউইরা যে হাল ছাড়বে না, সেটা ফিলিপসের ব্যাটিং থেকেই স্পষ্ট।