প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৪ পিএম
অস্ট্রেলিয়ান ক্রিকেটে আলোচনায় মিচেল জনসন-ডেভিড ওয়ার্নার বিতর্ক। ওয়ার্নারের ‘নায়কোচিত’ বিদায় নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন জনসন। এ নিয়ে পক্ষে-বিপক্ষে আরও অনেকেই কথা বলেছেন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রিকি পন্টিং। মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আলোচিত ওয়ার্নার-জনসন বিতর্ক থামা দরকার বলে মনে করেন পন্টিং। সেভেন নেটওয়ার্কের ব্রেকফাস্ট শো সানরাইজে তিনি বলেছেন, ‘দুজনকে নিয়ে বসতে হবে। গণমাধ্যমে বলাবলির চেয়ে দুজনকে এক কক্ষে ঢুকিয়ে সামনাসামনি কথা বলাতে হবে।’
পন্টিং আরও বলেন, ‘দুজনই অভিমানী। ছয় থেকে আট মাস আগে অ্যাশেজের দল নির্বাচনের সময় এই ব্যাপারটির জন্ম। দুজনের একসঙ্গে বসে মুখোমুখি কথা বলা ছাড়া ব্যাপারটা শেষ হবে না। আমি চাই (দুজন) মুখোমুখি বসুক।’
অজিদের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহও এই বিতর্কের সমাধান চান। বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘ওরা দুজনই প্রাপ্তবয়স্ক। দুজনের নিজস্ব মতামত আছে। তবে ওদেরকে সমালোচনাও সামাল দিতে হবে।’