প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৮ পিএম
কাতার বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই বাজে সময় পার করছে ব্রাজিল ফুটবল। আদালতের নির্দেশে দেশটির ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের রিও ডি জেনিরোর স্টেট কোর্ট। ফিফার আইন অনুযায়ী সদস্য অ্যাসোসিয়েশনে বাইরের হস্তক্ষেপ বৈধ নয়। এদনালদো রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার ঘটনায় সিবিএফ আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
গত বৃহস্পতিবার রদ্রিগেজকে সরে যাওয়ার নির্দেশ দেয় কোর্ট। এরপরই সিবিএফের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন।
এএফপি জানিয়েছে, রিও ডি জেনিরোর একটি বিচারিক আদালত বলেছেন, ২০২২ সালে সিবিএফ ও রিও ডি জেনিরোর কৌঁসুলিদের মধ্যে যে চুক্তির ভিত্তিতে রদ্রিগেজ সভাপতির দায়িত্ব নেন, সেটি বৈধ ছিল না। কৌঁসুলিরা তাদের ক্ষমতার সীমানা ডিঙিয়ে এ চুক্তি করেছিলেনÑ এমনটাই বলেছেন আদালত। তিন সদস্যের আদালত আগামী ৩০ দিনের মধ্যে সিবিএফকে নতুন সভাপতি নির্বাচন দিতে বলেছেন। এই অন্তর্বর্তীকালে সিবিএফের প্রধান প্রশাসক হিসেবে ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) প্রেসিডেন্ট জোসে পেরেদিসকে নিয়োগ দেওয়া হয়েছে।