ঢাকা টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ১০:৩৯ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ০১:৩০ এএম
ঢাকা টেস্টে দ্বিতীয় দিন বৃষ্টির পেটে যাওয়ার পর এবার আলোর বাগড়া। শান্ত ফিরেছেন ঠিক তার আগে— ছবি: আ. ই. আলীম
বৃষ্টি, ভেজা মাঠ এবং সবশেষে আলোর স্বল্পতা— সব কাটিয়ে ঢাকা টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে এক সেশনের কিছুটা সময় বেশি। দ্বিতীয় দিনের পুরোটা বৃষ্টির পেটে যাওয়ার পর ঘোষণা ছিল আজ বেশি সময় খেলা হবে। তবে আলোকস্বল্পতা সেটি তো হতে দেয়নি। বরং দিনের খেলা থামিয়ে দিয়েছে দুপুর আড়াইটার খানিক পরেই। দিনের খেলা থামার আনুষ্ঠানিক ঘোষণা আসে বিকাল ৪টার পর।
মিরপুরে আকাশ দুপুর আড়াইটার পর আর পরিষ্কার হয়নি। ম্যাচ অফিসিয়ালসরা প্রায় ঘণ্টাদুয়েকে মাঠে অপেক্ষা করার পর দিনের খেলা বন্ধ ঘোষণা করে দেন। বৃষ্টি ছিল না, তবে আলো খেলার উপযোগী না থাকার কারণে আড়াইটার পর ড্রেসিংরুমে ফেরত যায় দুদলের খেলোয়াড়রা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ এখন পর্যন্ত ৩০ রান এগিয়ে আছে।
শুক্রবার সকালের সেশনে খেলা বন্ধ থাকে ভেজা মাঠের কারণে। লাঞ্চের পর শুরু হলে একপাশ আগলে দাপট দেখান গ্লেন ফিলিপস। তার দুর্দান্ত ফিফটির দিনে শান্তদের থেকে ৮ রানের লিড নেয় কিউইরা। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামার অপেক্ষায় থাকা বাংলাদেশ তুলেছে ৩৮ রান। আলোকস্বল্পতায় খেলা থামার আগে হারিয়েছে দুই উইকেট। বাংলাদেশের অধিনায়ক ফিরেছেন ১৫ রান করে। ২ রান যোগ করে ইনিংসের শুরুর ওভারেই ফিরেছেন ওপেনিংয়ে নামা মাহমুদুল হাসান জয়।
আগামীকাল বাংলাদেশের লিড বাড়াতে সকালে জুটি গড়বেন জাকির হাসান ও মুমিনুল হক। খেলা দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও সাড়ে নয়টার বদলে, ১৫ মিনিট আগে শুরু হবে।
আলোকস্বল্পতায় হঠাৎ বন্ধ ঢাকা টেস্ট

টিম সাউদির আগের বলটিতেই ফিরতে পারতেন নাজমুল হোসেন শান্ত। ক্যাপ্টেনস লড়াইয়ে সেবার কোনোমতে ভেতরের দিকে ঢোকা বলটি পা দিয়ে ঠেকিয়ে দেন শান্ত। কিন্তু পরের বলে আর পারেননি। দ্বিতীয় ইনিংসে ৭.৫ ওভার শেষে খেলা বন্ধ হওয়ার আগে কিউই অধিনায়কের বলেই ফিরেছেন টাইগার অধিনায়ক।
আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশ ৩৮ রান তুলতে হারিয়েছে দুই উইকেট। বাংলাদেশের অধিনায়ক ফিরেছেন ১৫ রান করে। কিউইদের থেকে দ্বিতীয় ইনিংসে শান্তরা লিড নিয়েছে ৩০ রানের। খেলা বন্ধ হলেও মাঠে এখনও আম্পায়াররা অবস্থান করছেন। স্টেডিয়ামের সব কয়টি ফ্লাডলাইটও জ্বালিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসলে দিনের খেলা এই পর্যন্ত থামতে পারে।
জয়ের পর শান্ত ফিরলেও একপাশ আগলে ১৬ রানে ব্যাট করছেন জাকির হোসেন। টাইগার ওপেনারকে সঙ্গ দেবেন মুমিনুল হক। কিউইদের হয়ে একবার করে সফল হয়েছেন আইজাজ প্যাটেল ও টিম সাউদি।
জয় ফিরলেন শুরুর ওভারেই
ইনিংসের শুরুতেই স্পিনার নিয়ে এসেছেন টিম সাউদি। আইজাজ প্যাটেল অধিনায়কের মানও রেখেছেন। দ্বিতীয় ইনিংসে ৩ রান তুলতেই বাংলাদেশের ওপেনার মাহমুদুল হাসান জয়কে ফিরিয়েছেন। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ১৪ রান করা জয় আজ তৃতীয় দিনে থেমেছেন ২ রান করে।
৮ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ শুরুর ওভারে উ্ইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেছে। টার্নিং ও মন্থর পিচে খাদের কিনারায় পরা দলকে পথ দেখাচ্ছেন অধিনায়ক শান্ত ও জাকির হাসান। এখন অবধি ৮ রান তুলেছে বাংলাদেশ। জাকির ৬ রানে ব্যাট করছেন, এক রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন শান্ত।
৮ রানের লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

ঢাকা টেস্টে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও খেলা মাঠে গড়ানো নিয়ে ছিল শঙ্কা। সকালে ভেজা আউট ফিল্ডের জন্য খেলা বেলা বারোটায় গড়ানোর পর নিউজিল্যান্ডের ব্যাটাররা দাপট দেখিয়েছেন। বাংলাদেশের লিডের আশা গুঁড়িয়ে তারা প্রথম ইনিংস শেষ করেছে ৮ রান এগিয়ে। শান্তদের ১৭২ রান শোধ করে সব উইকেট হারিয়ে কিউইরা তুলেছেন ১৮০ রান।
মিরপুরে দুপুরের সেশনে ঝড়ো গতিতে রান তুলেছেন গ্লেন ফিলিপস। ফিফটি আনার দিনে ৭২ বলে থেমেছেন ৮৭ রান করে। বাকিরা আসা-যাওয়ার মাঝে থাকলেও ফিলিপসের ব্যাটে চড়ে বাড়িয়ে নিতে পেরেছে লিড। বাংলাদেশ চা পানের বিরতির পর ৮ রান পেছনে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে।
দুই মিচেলকে ফেরালেন নাঈম
বৃষ্টি বাগড়া শেষে খেলা শুরুর পর বোলিংয়ে পরিবর্তন আনেননি নাজমুল হোসেন শান্ত। তাইজুল ইসলামের পর মেহেদী হাসান মিরাজকেই টেনছিলেন। নিউজিল্যান্ডের ব্যাটাররা যখন বাংলাদেশের দুই স্পিনারের ওপর চড়াও হলেন তখন আক্রমণে আনেন নাঈম হাসানকে। তিনিই এনে দেন দুটি সাফল্য।
ঢাকা টেস্টের তৃতীয় দিনে ৪৬ রানে ৫ উইকেট হারানো জুটি ৯৫ রান পর্যন্ত টেকে। ড্যারিল মিচেলকে ১৮ রানে বোলিংয়ে এসেই ফেরান নাঈম। নিজের পরের ওভারে আরেক মিচেলকে ফেরান। স্যান্টনারের ব্যাট থেকে আসে ১ রান।
এই প্রতিবেদন লেখা অবধি কিউইরা এখনও বাংলাদেশের চেয়ে ৬২ রান পেছনে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৭ উইকেট হারিয়ে তুলেছে ১১৪ রান। ফিফটি করে দলের আশা হয়ে আছেন গ্লেন ফিলিপস।

খেলা শুরুর পর নাঈমের আঘাত
ঢাকা টেস্টের তৃতীয় দিনে খেলা শুরু হতে অপেক্ষা চলছিল বেলা বারোটা পর্যন্ত। লাঞ্চের পর ব্যাটিংয়ে নামা ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছিল। কিন্তু সেটি বেশি সময় স্থায়ী হতে দেয়নি নাঈম হাসান।
কিউইরা এখনও শান্তদের চেয়ে ৭৫ রান পেছনে। ৬ উইকেট হারানো নিউজিল্যান্ডকে টানছেন ফিলিপস। ব্যাট করছেন ৪০ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন মিচেল স্যান্টনার।
চার সেশন পর শুরু খেলা
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব বাজে ভাবে পড়েছিল ঢাকা টেস্টে। প্রথম দিন আলোকস্বল্পতায় খানিকটা আগে শেষ হওয়ার পর গতকাল দ্বিতীয় দিনে একটি বলও গড়ায়নি মাঠে৷ তৃতীয় দিনের প্রথম সেশনের খেলাও ভেজা মাঠের কারণে হয়নি। অবশেষে ১২টায় শুরু হয় খেলা।

গুনে গুনে চার সেশন পেটে যাওয়ার পর লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমেছে ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস। তৃতীয় দিনে দ্রুত গতিতে রান তুলছে দুজন। ১১৭ রানে পিছিয়ে শুরু করা নিউজিল্যান্ড বাংলাদেশের চেয়ে এখনও ৯১ রান পেছনে। এখন পর্যন্ত স্কোরবোর্ডে ৮২ রান তুলেছে সফরকারীরা।
খেলা শুরু বেলা ১২টায়
ঢাকা টেস্টের তৃতীয় দিনে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময়ের আগেই থেমেছিল বৃষ্টি। কিন্তু ভেজা মাঠ বাগড়া দিয়েছিল। অবশেষে মিরপুরের আকাশ হেসেছে। সকাল ১১টায় মাঠ পর্যবেক্ষণের পর বেলা বারোটায় খেলা শুরুর ঘোষণা এসেছে।
আবহাওয়া অনূকুলে থাকলে খেলা শেষের সময় বাড়বে। ১২টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টা খেলা চলার পর চা বিরতি হবে। এখন চলছে মধ্যাহ্ন বিরতি। আলোক স্বল্পতা বা আবহাওয়া বাগড়া না দিলে খেলা বিকাল পাঁচটা পনেরো পর্যন্ত চলতে পারে। সেক্ষেত্রে দিনের খেলা হবে ৭৪ ওভার।
আগের দিন জানানো হয়েছিল, দিনের খেলা ৯৮ ওভার চালানো হবে। বৃষ্টির পেটে চলমান টেস্টের চারটি সেশন চলে যাওয়ার ঘাটতি পুরণ করতেই ম্যাচ অফিসিয়ালসরা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

থেমেছে বৃষ্টি, সরেছে কাভার, ১১টায় মাঠ পর্যবেক্ষণ
প্রায় এক দিনের বেশি সময় পর থেমেছে বৃষ্টি। তাতে মিরপুর টেস্টের তৃতীয় দিনে বল মাঠে গড়ানোর আশা জেগেছে। মাঠের কাভার তুলে নেওয়া হয়েছে। অবশ্য আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হতে অপেক্ষা। বেলা ১১টার দিকে মাঠ পর্যবেক্ষণ করতে আসবেন আম্পায়াররা। এরপর সিদ্ধান্ত, কখন শুরু হবে খেলা।
আগের বৃষ্টিস্নাত দিনে একটি বলও মাঠে গড়ায়নি। সকাল ৯টার দিকে পুরোপুরি থেমেছে বৃষ্টি। আগের ঘোষণা অনুযায়ী শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল ১৫ মিনিট আগে। সেখানেও দেরি হচ্ছে। আজ খেলা ৯৮ ওভার হওয়ার কথা।
গতকাল বৃহস্পতিবার মিরপুরে সকাল থেকে চলা বৃষ্টি লাঞ্চের পর আরও বেরসিক হয়ে ওঠে। প্রথম সেশনের পুরোটা সময় মাঠের কাভারও সরাতে পারেননি গ্রাউন্ডসম্যানরা। দ্বিতীয় সেশনেও পরিবর্তন হয়নি আবহাওয়া। বরং দুপুর ২টার পর যেন বৃষ্টির মাত্রা আরও বাড়ে। দিনের বাকি সময় প্রতিকূল আবহাওয়ার কারণে খেলা চালিয়ে নেওয়ার অবস্থা না হওয়ায় খেলা দিনের মতো পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারা দিন বৃষ্টির পূর্বাভাস ছিল। সেটি হয়েছেও। কোনো বল মাঠে গড়ানোর আগেই দিনের খেলা শেষ করে দেন দায়িত্বরত আম্পায়াররা।
আজ তৃতীয় দিনে খেলা হতে পারে ৯৮ ওভার। ৫৫ রানে ৫ উইকেট থেকে ব্যাটিং করবে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষেও ১১৭ রানে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে এগিয়ে নেবেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। তাইজুল ২টি ও মিরাজ ৩টি উইকেট নিয়েছেন।