প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ০০:১৫ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ০০:১৯ এএম
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে স্পিন জাদু দেখিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাইজুল - ছবি: আ. ই. আলীম
সিলেট টেস্টে স্পিনবিষ ছড়িয়েছিলেন তাইজুল ইসলাম। তার ছোড়া বিষে নীল হন নিউজিল্যান্ডের ১০ ব্যাটার। প্রথম ইনিংসে বিদায় করেন ৪ কিউই ব্যাটার। আর দ্বিতীয় ইনিংসে ঘূর্ণিজাদুর ফাঁদে ফেলেন অতিথিদের ৬ জনকে। তার বোলিং জাদুতেই প্রথম টেস্ট জিতে এখন সিরিজ জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ। ১৫০ রানের ঐতিহাসিক জয়ের ম্যাচে একাই ১০ উইকেট শিকার করে তাইজুল ছিনিয়ে নেন ম্যাচসেরার পুরস্কার।
সেই দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের জন্য এবার আরও একটি পুরস্কার পেলেন তারকা এ টাইগার স্পিনার। তবে এবারের অর্জনটা আইসিসির টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে। যেখানে তাইজুল এগিয়েছেন ৮ ধাপ। র্যাঙ্কিংয়ে উন্নতি করে দারুণ এক কীর্তি গড়েছেন বাঁ-হাতি এ স্পিনার। বাংলাদেশের টেস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট এখন তার।
এতে সাকিব আল হাসানকে টপকে অনন্য এক রেকর্ডও গড়ে ফেলেছেন তাইজুল। ২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে সাকিবের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছিল ৭০৫-এ। ৬ বছরের বেশি সময়ের বিরতি দিয়ে বিশ্বসেরা এ অলরাউন্ডারের সেই রেকর্ড ভেঙে তাইজুল গড়েছেন ৭০৮ রেটিং পয়েন্ট সংগ্রহের নতুন মাইলফলক।
রেটিং পয়েন্টের উন্নতির মাধ্যমে ক্যারিয়ারসেরা টেস্ট র্যাঙ্কিং পজিশনে উঠে গেছেন তাইজুল। তালিকার ২২ নম্বর থেকে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছেন ৩১ বছর বয়সি এ লেগস্পিনার। ২০১১ সালের নভেম্বরে অবশ্য সাকিব উঠেছিলেন নিজের র্যাঙ্কিংয়ের ক্যারিয়ারসেরা অবস্থান সপ্তম স্থানে।
র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্তও। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের চমৎকার এক ইনিংস খেলায় ১৩ ধাপ উন্নতি করেছেন বাঁ-হাতি এ ব্যাটার। ক্যারিয়ারসেরা র্যাঙ্কিং পজিশন ৪২ নম্বরে আছেন এখন টাইগারদের আপৎকালীন এ ক্যাপ্টেন।