× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্সেনালের আরও একটি রুদ্ধশ্বাস জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৪:০৪ পিএম

ডেকলান রাইসের শেষ মুহূর্তের গোলে জয় পায় আর্সেনাল। গোলের পর উল্লাস করেন ইংলিশ তারকা মিডফিল্ডার। ছবি: সংগৃহীত

ডেকলান রাইসের শেষ মুহূর্তের গোলে জয় পায় আর্সেনাল। গোলের পর উল্লাস করেন ইংলিশ তারকা মিডফিল্ডার। ছবি: সংগৃহীত

জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। গেল সপ্তাহে বেশ কিছু উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে লিগটি। তারই ধারাবাহিকতা ছিল মঙ্গলবার রাতের ম্যাচেও। কাগজে কলমে ঢের পিছিয়ে থাকা লুটন টাউনও লিগ টপার আর্সেনালের পরীক্ষা নিয়েছে। দুইবার পিছিয়ে পড়েও হাল ছাড়েনি দলটি। দ্বিতীয়ার্ধে তো এগিয়ে গিয়েছিল লুটন। যদিও ডেকলান রাইসের শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

রাউন্ড-১৫ এর খেলায় কেনিলওর্থ স্টেডিয়ামে এদিন আর্সেনালকে আতিথেয়তা দেয় লুটন। ম্যাচের ২০ মিনিটে প্রথমবার আর্সেনালকে লিড এনে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। ৫ মিনিটের মধ্যে সমতায় ফেরে লুটন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গোল করে দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিকেল আর্তেতার দল।

দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মধ্যে গোল পরিশোধ করে লুটন। যদিও গোল দুটিতে স্বাগতিকদের চেয়ে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়ার অবদান বেশি ছিল। তার ভুলেই মূলত ২-২ সমতায় ফেরে লুটন। তবে ৫৭ মিনিটে গোল করে আর্সেনালকে কিছুটা শঙ্কায় ফেলে দেয় লুটনের সেন্টার মিডফিল্ডার রস বার্কলে। ৩-২ এ পিছিয়ে পড়ে অবশ্য ম্যাচে ফিরতে দেরি করেনি আর্সেনাল। ৬০ মিনিটে স্কোরলাইন ৩-৩ করেন কাই হাভার্টস। তখন অবশ্য ম্যাচে আক্রমণের চেয়ে রক্ষণেই বেশি মনোযোগী হয়ে উঠে লুটন। 

গোলের জন্য মরিয়া আর্সেনাল চেষ্টা চালায়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এগিয়ে যেতে পারেনি গানাররা। শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময়ে ৯৭তম মিনিটে দারুণ এক হেড থেকে দলকে স্বস্তির জয় এনে দেন রাইস। ইংলিশ সেন্টার মিডফিল্ডারের গোলের পরই শেষ বাশি বেজে ওঠে।

দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুরের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে আর্সেনাল। ১৫ খেলায় গানারদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। ৩১ পয়েন্ট পাওয়া লিভারপুল অবশ্য কম খেলেছে এক ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের এক ধাপ উপরে আছে লুটন টাউন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা