প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩ ২০:০৪ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩ ২০:১০ পিএম
বিশ্বকাপ শেষে বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় রঙ্গনা হেরাথের। তবুও সিলেট টেস্টে দলের সঙ্গে ছিলেন জাতীয় দলের এই স্পিন কোচ। তবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে নিজ দেশে ফিরে গেছেন হেরাথ। অর্থাৎ স্পিন কোচ ছাড়াই ঢাকা টেস্টে খেলবেন নাজমুল হোসেনরা। এমনকি এ মাসেই বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে কোনো স্পিন কোচ ছাড়াই।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্পিন কোচ ইস্যুতে কথা বলেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘স্পিন কোচ ছাড়াই হয়তো নিউজিল্যান্ড যেতে হবে। ভেতর থেকেই একজন স্পিনে সাপোর্ট দেবে। সোহেল এখানেই থাকবে। টিম ম্যানেজমেন্ট স্পিন কোচের প্রয়োজন মনে করছে না এখন। যদি প্রয়োজন পড়ে, সেটা পরে দেখা যাবে।’
বিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ‘যেহেতু সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা, এ কারণে স্পিনকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে না। যারা হেড কোচ সাপোর্ট স্টাফ আছে তারাই চালিয়ে নিতে পারবে।’