প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২১:৩৬ পিএম
বেশ কয়েকবছর আগে ধোনির থেকে টোটকা পেয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটার হোপ
শাই হোপের আগে রিঙ্কু সিংও বলেছিলেন অনুপ্রেরণার কথা। শেষ সময়ে মহেন্দ্র সিং ধোনি যেভাবে খেলা নিজেদের পক্ষে নিয়ে আসতেন, সেটিই শিখতে চেয়েছিলেন দুজন। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক তাদের টোটকাও দিয়েছিলেন। ধোনির ‘অনেক আগে দেওয়া’ পরামর্শ মাঠে খাটিয়ে সফল হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপে না থাকা ক্যারিবিয়ানরা নতুনের শুরুতে হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে। রোমাঞ্চ চড়ানো ম্যাচের নায়ক বনেছেন হোপ।
ওয়ানডে ক্রিকেটে ফেরা সিরিজের প্রথম ম্যাচে অ্যান্টিগায় ৩২৬ রানের লক্ষ্য পেরিয়েছে ক্যারিবিয়ানরা। ইংলিশদের বিপক্ষে জিততে হলে রেকর্ড রান টপকাতে হতো, সেটি সম্ভব হয়েছে হোপের অপরাজিত ব্যাটে ভর করে।
সেঞ্চুরিয়ান হোপ ম্যাচ শেষে জানিয়েছেন রান তাড়ার দর্শনের কথা, ‘অনেক বিখ্যাত একজন ব্যক্তি এমএস ধোনি। অনেক দিন আগে আমাদের কথা হয়েছিল। সে বলছিল, “তুমি যা ভাবছ, সব সময়ই তার চেয়ে বেশি সময় পাবে।” যত দিন ধরে ওয়ানডে ক্রিকেট খেলছি, ওই একটা ব্যাপার আমার সঙ্গে থেকে গেছে।’
ধোনির কথায় অনুপ্রাণিত হোপ ক্যারিবিয়ানদের আশা হয়েই জ্বলেননি, ম্যাচটাও জিতিয়ে ফিরেছেন। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তাই অকপটে হোপ বলেছেন, ‘যেকোনো পরিস্থিতিতে দলকে জেতানোর বিশ্বাস আমার আছে।’ রবিবার অ্যান্টিগায় সেটি করেও দেখিয়েছেন হোপ।