ঢাকা টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ২১:৩২ পিএম
কিউইদের বিপক্ষে নামার আগে মিরপুরে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন নাঈম হাসানরা— আ. ই. আলীম
মাস তিনেক আগে মিরপুরে নায়ক বনেছিলেন ইশ সোধি। সেবার বাংলাদেশের বিপক্ষে লড়াই ছিল সাদা বলে, এবার লাল বলের খেলা। পার্থক্্যটাও! সিলেট টেস্টে হেরে সিরিজে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। সোধি অবশ্য নিজেদের ফেরার ব্যাপারে দুটি কারণে আত্মবিশ্বাসী— এই মাঠ এবং এই বাংলাদেশকে তার চেনা। অন্যটি হচ্ছে, সিলেটে দাপট দেখানো শান্তদের জয়ের ফর্মুলা ফাঁস করে ফেলা। ঢাকা টেস্টে ব্ল্যাক ক্যাপসরা সেই ‘ব্লুপ্রিন্ট’ ধরেই এগোবে।
সোমবার শেরেবাংলা স্টেডিয়ামে কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়েছে কিউইরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যে বুধবার মাঠে নামার আগে আগামীকালও নিজেদের ঝালিয়ে নেবে। সফরকারীদের মূল লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের দ্বিতীয় ম্যাচে পূর্ণ পয়েন্ট তোলা। অনুশীলনের ফাঁকে কিউইদের হয়ে সোধি দিয়ে রেখেছেন সতর্কবার্তা।
মিরপুরে কিউই লেগস্পিনার ঘুরিয়ে-ফিরিয়ে ‘ব্লুপ্রিন্ট’ কথাটিই সামনে রেখেছিলেন, ‘সিলেটে প্রথম টেস্টের হার মেনে নেওয়া কঠিন। তবে এই হার থেকে আরও ভালো কিছু করতে পারব। নিজেদের চেনা রূপ ফিরে পাব। আমি মনে করি বাংলাদেশ যেভাবে খেলেছে, তারা আমাদের হারিয়ে দিয়েছে। এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, তার একটি ব্লুপ্রিন্ট পেয়ে গেছি তাতে। ঢাকা টেস্টে সেই কাজ আমরা করব। আশা করছি ভালো কিছুই করতে পারব।’
সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের সামনে প্রতিরোধ গড়তে পারেনি নিউজিল্যান্ড। প্রায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করে শান্তরা তুলে নিয়েছেন ঐতিহাসিক এক জয়। সিলেটে স্বাগতিকরা যেভাবে খেলেছেন, দ্বিতীয় টেস্টে সেই পথেই হাঁটবেন কিউইরা। নাজমুল হোসেন শান্তর দল সেদিন একজন মাত্র পেসার নিয়ে মাঠে নেমেছিল। দুই ইনিংসে কিউইদের হারানো ২০ উইকেটের ১৮টিই তুলে নিয়েছিলেন স্পিনাররা।
লেগ স্পিনার সোধি স্পিননির্ভর বোলিং বিভাগ সাজানোর ইঙ্গিতই দিচ্ছেন। অনুশীলনেও দেখা গিয়েছিল স্পষ্ট চিত্র। দলের মূল স্পিনারদের পাশাপাশি কেন উইলিয়ামসন, হেনরি নিকোলসরাও ঝালিয়ে নিয়েছেন স্পিন বোলিং। পুরো কিউই দল যেন রূপ নিয়েছে স্পিনার স্বর্গ রাজ্যে। আনকোরা বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ফেরার ব্যাপারে তাই আত্মবিশ্বাসী সোধি। সবচেয়ে বেশি নিজেকে নিয়ে।
বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ঘূর্ণি দেখিয়েছিলেন, তুলে ফিরিয়েছিলেন ছয় টাইগার ব্যাটারকে। সেদিনের স্মৃতি মনে রেখেই লড়াইয়ে নিজেদের সম্ভাবনা দেখছেন সোধি, ‘আগে সাফল্য পেয়েছি এখানে। এমন একটি ম্যাচ খেলতে নামার আগে অবশ্যই বাড়তি আত্মবিশ্বাস পাব। ব্যাপারটি হলো নিজেদের মেলে ধরার— কন্ডিশন যতটা সম্ভব বোঝার, যে টার্ন করবে কি করবে না। যদি না করে, আগ্রাসন আর রক্ষণের দিক থেকে কেমন করা যায়। দ্বিতীয় টেস্টের সম্ভাবনার দিকে তাই তাকিয়ে আছি।’ কিউইদের ব্লুপ্রিন্ট তো আছেই। মিরপুরে শেষ ১০ টেস্টেই ফল এসেছে। ৬ নভেম্বরও ফলের দিকেই দুদলের চোখ।