প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৫ পিএম
ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা ৮০। ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারের নিবেদন প্রশংসার দাবিদার। তার নিবেদনকে কতটা গুরুত্বের সঙ্গে দেখেন কিংবদন্তিরা, ব্রায়ান লারার বক্তব্য শুনলেই সেটি স্পষ্ট হবে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা বলেছেন, তার ছেলে খেলাধুলায় আসতে চাইলে কোহলির কাছ থেকে অনুপ্রেরণা নিতে বলবেন তিনি।
সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে লারা বলেছেন, ‘আমার ছেলে যদি খেলাধুলায় আসতে চায়, তাকে কোহলির নিবেদন ও পরিশ্রমকে উদাহরণ হিসেবে টানব। সেটি ১ নম্বর খেলোয়াড় হওয়ার জন্যই।’
সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন কোহলি। অনেকেই মনে করে ভারতের ট্রফি জয়ের ব্যর্থতায় তার কীর্তি আড়ালে পড়েছে। তবে লারার মতে, দলীয় খেলাতেও ব্যক্তিগত পারফরম্যান্স গুরুত্বপূর্ণ, ‘অনেকেই বলবেন বা ইতোমধ্যে বলেছেনও, ভারত বিশ্বকাপ না জেতায় কোহলির কীর্তি আড়ালে পড়েছে। জিততে হয় দল হিসেবে, আর একজন খেলোয়াড় হিসেবে সেটাই ১ নম্বর লক্ষ্য হওয়া উচিত। কিন্তু দলগত সাফল্য পেতে সহায়তা করে ব্যক্তিগত সাফল্য। যেটা বিশ্বকাপে কোহলি ম্যাচের পর ম্যাচ করে দেখিয়েছেন।’