প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১২:০৭ পিএম
অ্যান্থনি গর্ডনের একমাত্র গোলে ম্যানইউকে হারিয়েছে নিউক্যাসল। ছবি : সংগৃহীত
প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের বিস্ময় নিউক্যাসল ইউনাইটেড। ঘরের মাঠে দলটির রেকর্ডও অবিশ্বাস্য। গত মাসে আর্সেনালকে ১-০ গোলে হারানোর পর, চেলসিকে তারা উড়িয়ে দিয়েছে ৪-১ গোল ব্যবধানে। এবার সেন্ট জেমস পার্কে ম্যানচেস্টার ইউনাইটেডকেও ১-০ গোলে হারিয়েছে ম্যাগপিসরা। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্থনি গর্ডন। ঘরের মাঠে শনিবার রাতের জয়ে পয়েন্ট টেবিলেও ম্যানইউকে টপকেছে সৌদি মালিকানাধীন ক্লাবটি।
পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে সেরা চারের লড়াইয়ে ভালোভাবে টিকে আছে নিউক্যাসল। টেবিলের চারে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে দলটির পয়েন্ট ব্যবধান দুইয়ে নেমে এসেছে। ১৪ খেলায় ২৬ পয়েন্ট অর্জন করেছে নিউক্যাসল। অ্যাস্টন ভিলার চেয়ে এক ম্যাচ অবশ্য বেশি খেলছে দলটি। এই তালিকার শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৩৩। এদিকে ২৪ পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে এরিক টেন হাগের ম্যানইউ।
ম্যানইউকে ৩১ দিনের ব্যবধানে এ নিয়ে দুবার হারাল নিউক্যাসল। লিগ কাপের খেলায় গত নভেম্বরে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে তাদের ৩-০ ব্যবধানে লজ্জার হার উপহার দিয়েছিল ম্যাগপিসরা। যদিও শনিবার রাতের জয়টা সহজে ধরা দেয়নি নিউক্যাসলের কাছে। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি তারা। প্রথমার্ধের খেলায় ১৪টি শট নেয় স্বাগতিক দলটি। ২০২২ সালে ম্যানচেস্টার সিটির পর ম্যানইউর বিপক্ষে কোনো দল প্রথমার্ধে এতগুলো শট নিল নিউক্যাসল। যদিও সেখান থেকে গোল পায়নি তারা। অবশেষে অচলায়তনাবস্থা ভাঙেন নিউক্যাসলের ইংলিশ ফরোয়ার্ড গর্ডন। ৫৭ মিনিটে দলকে ১-০ গোলের লিড এনে দেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে চেলসি লিভারপুর, আর্সেনালের পর আরও একটি বড় দলের বিপক্ষে গোল পেলেন গর্ডন।
দারুণ ছন্দে থাকা গর্ডনের এটি ছিল সবশেষ আট ম্যাচে সপ্তম গোল। এছাড়া দুটি অ্যাসিস্টও করেছেন তিনি। শেষ পর্যন্ত ২১ বছর বয়সী তারকার গোলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।