প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১১:২৮ এএম
রদ্রিগো-দিয়াসের গোলে আবার শীর্ষে উঠল রিয়াল। ছবি : সংগৃহীত
লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার লড়াইটা জমে উঠেছে বেশ। একবার সেটা জিরোনা অর্জন করে তো পরের ম্যাচেই দখলে নেয় রিয়াল মাদ্রিদ। এমন ঘটনা ঘটেছে শনিবার রাতেও। প্রথমে ভ্যালেন্সিয়াকে ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে চূড়ায় বসে জিরোনো। পরের ম্যাচেই গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থানটা পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার ২৬ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাহিম দিয়াস। স্প্যানিশ তারকার গোলটিতে সহায়তা করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। এরপর ৫৭ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। বাকি সময়টা চেষ্টা করেও কোনো গোলের দেখা পায়নি দুই দল। শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ের ফলে সব মিলিয়ে টানা ৫ জয় নিয়ে মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির দল। এছাড়া বার্নাব্যুতে চলতি মৌসুমে এখনও অপরাজিত রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। যদিও ইনজুরির কারণে বেশ কিছু ম্যাচে দলটির অন্যতম তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র, লুকা মডরিচ, এদুয়ার্দো কামাভিঙ্গাদের পায়নি রিয়াল। তবে মাঠের লড়াইয়ে তাদের অভাব বুঝতে দেয়নি রদ্রিগো, জুড বেলিংহাম এবং জোসেলুরা।
শনিবার রাতের তিন পয়েন্ট নিয়ে ১৫ খেলায় ৩৮ পয়েন্ট সংগ্রহ করেছে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট পেয়ে দুইয়ে আছে জিরোনা। তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ, তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ৩১ পয়েন্ট নিয়ে আছে এই তালিকার চারে।