প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৩:১৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৪ পিএম
ইউরোপা লিগের পঞ্চম রাউন্ডের খেলায় অস্ট্রিয়ার ক্লাব এলএএসকের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে লিভারপুল। এ জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠল ইয়ুর্গেন ক্লপের দল। রাতের অন্য খেলায় রোমেলু লুকাকুর গোলে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তার দল রোমা। তাতে খুব একটা অসুবিধা হয়নি। নকআউট নিশ্চিত করে ফেলেছে হোসে মরিনহোর দল।
বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে উড়েই গেছে এলএএসকে। দুই অর্ধের প্রতিপক্ষের জালে সমান ২টি করে গোল দিয়েছে অল রেডরা। যার শুরুটা লুইস দিয়াসকে দিয়ে। দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার এই তারকা খেলার ১২ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন। ৩ মিনিটের মধ্যেই দলের লিড দ্বিগুণ করেন কোডি গ্যাকপো। ২-০ ব্যবধানে থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৫১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন মোহাম্মদ সালাহ। এরপর যোগ করা সময়ে খেলায় নিজের দ্বিতীয় গোলটি গ্যাপপো।
গ্রুপসেরা হয়ে নকআউট নিশ্চিত করায় শিষ্যদের প্রশংসা করেছেন কোচ ক্লপ, ‘আজ রাতে (বৃহস্পতিবার) দলের পারফরম্যান্স নিয়ে আমি খুশি। ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে। খেলাটি আমরা এভাবেই শেষ করতে চেয়েছিলাম। ম্যাচের প্রথমার্ধেই খেলাটি পুরোপুরি আমাদের দিকে নিতে চেয়েছি। সেটা হয়নি। তৃতীয় গোলটি হয়েছে দ্বিতীয়ার্ধে। তবে আমরা ক্লিনশিট রাখতে চেয়েছিলাম, যেটা হয়েছে। দলের টপ পারফরম্যান্স ছিল এটি।’
এ জয়ের ফলে ‘ই’ গ্রুপ থেকে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৮ পয়েন্ট নিয়ে ২-এ তুলুস। ইউনিয়ন সেন্ট গিলোইসির পয়েন্ট ৫ এবং ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে এলএএসকে।
এদিকে ‘জি’ গ্রুপের খেলায় ২২ মিনিটের মাথায় গোল করে রোমাকে এগিয়ে দেন লুকাকু। তার ওই গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় সিরি’আ লিগের দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ১ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি মরিনহোর শিষ্যরা। ৫০ মিনিটের মাথায় ফরোয়ার্ড ক্রিস বেদিয়ার গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ডের ক্লাব সার্ভেট। শেষ পর্যন্ত ১-১ গোলে অমীমাংসিত থাকে ম্যাচটি।
এ ড্রয়ের ফলে পাঁচ খেলায় ১০ পয়েন্ট নিয়ে নকআউট নিশ্চিত করেছে রোমা। শীর্ষে থাকা স্লাভিয়া প্রাগের পয়েন্ট ১২। সার্ভেট ৫ এবং এফসি সেরিফ ১ পয়েন্ট পেয়েছে।