প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ২০:৪৮ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ২১:০৯ পিএম
বলে লালা মাখানোর দৃশ্য একসময় প্রায়ই দেখা যেত। আইসিসির নিষেধাজ্ঞার পর এমন দৃশ্য এখন আর চোখে পড়ে না। যদিও সিলেট টেস্টে সেই নিষিদ্ধ কাজটাই করে বসেন নিউজিল্যান্ডের স্পিন অলরাউন্ডার গ্লেন ফিলিপস। তৃতীয় দিনের টক অব দ্য ক্রিকেটে পরিণত হয় ‘লালাকাণ্ড’। বিষয়টি মাঠে সুরাহা না হওয়ায় শেষ পর্যন্ত চতুর্থ আম্পায়ারের স্মরণাপন্ন হয় বাংলাদেশ। দিন শেষে এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন কাইল জেমিসন। যদিও কিউই বোলার জানিয়েছেন, তিনি কিছুই জানেন না, দেখেনওনি। তবে ঠিকই দেখেছেন বুক চিতিয়ে লড়ে যাওয়া নাজমুল হাসান শান্তর ব্যাটিং। টাইগার অধিনায়কের তাল-লয়ের ঝংকারে বেজে ওঠা ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারের প্রথম ডেলিভারির পর বলে লালা লাগাতে দেখা যায় ফিলিপসকে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও পল রেইফেল কোনো ব্যবস্থা নেননি বা ফিলিপসের সঙ্গে তাদের কথা বলতেও দেখা যায়নি। তারা ব্যাপারটি খেয়াল করেছেন কি না, তাও স্পষ্ট নয়। তবে বাংলাদেশ দলের চোখ এড়ায়নি তা। ঠিকই চতুর্থ আম্পায়ারকে বিষয়টি জানান টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। সংবাদ সম্মেলনে ফিলিপসের ওই ঘটনা নিয়ে জেমিসনকে প্রশ্ন করা হলে তার চক্ষু চড়কগাছ হওয়ার মতো অবস্থা। হতবাক হয়ে উল্টো সাংবাদিকদের বলেনÑ ‘কোথায়, কখন এমনটা ঘটেছিল।’
৩১৭ রানের মাথায় নিজেদের প্রথম ইনিংসের খেলা শেষ করে নিউজিল্যান্ড, লিড পায় ৭ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে দারুণভাবে নিজেদের মেলে ধরেন টাইগার ব্যাটাররা। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ব্যর্থ হলেও শান্তর সঙ্গে মুমিনুলের শতকের কাছাকাছি জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত মুমিনুল অর্ধশতকের আগে প্যাভিলিয়নে ফিরলেও ঠিকই অধিনায়ক নিজের স্কোর শতকের ওপরে তুলে নেন। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২১২ রান তুলে ফেলেছে বাংলাদেশ। শান্ত অপরাজিত আছেন ১০৪ রানে। লিড এখন ২০৫। অর্থাৎ চতুর্থ দিনে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। টাইগার অধিনায়কের এমন বীরোচিত ইনিংসের ফলে প্রশংসা ঝরেছে প্রতিপক্ষের বোলার কাইল জেমিসনের কণ্ঠেও, ‘শান্ত দারুণভাবে ইনিংসটি নিয়ন্ত্রণ করেছে। ইতিবাচকভাবে খেলা উপহার দিয়েছে। সে দলের রানের চাকা সচল রেখেছে। সিঙ্গেলও বের করেছে। ব্যাপারটি সত্যিই প্রশংসার। সে যথেষ্ট ক্রিটিক্যাল ছিল এবং সময় বুঝে সুযোগও নিয়েছে। খেলাটা দারুণভাবে চালিয়ে নিয়েছে।’
তৃতীয় দিনের উইকেট ব্যাটিংয়ের জন্য সবচেয়ে বেশি উপযোগী মনে হয়েছে তার কাছ। বলেন, ‘ভালো ব্যাটিং করার মতো একটি দিন ছিল। প্রথম দুই দিন কিছু অসম বাউন্স ছিল। তবে আজকের উইকেট কিছুটা ফ্ল্যাট মনে হয়েছে। যেমন টার্ন আশা করা হচ্ছিল তেমনটা হয়নি। অসম বাউন্সও ছিল না অবশ্য। ব্যাটিংয়ের জন্য আজকের দিনটাই সেরা ছিল বলে মনে হয়।’