সিলেট টেস্ট
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৮:৩২ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৮:৪৮ পিএম
ফিলিপসের ভুলে ৫ রানের শাস্তি পেতে পারে নিউজিল্যান্ড দল— আ. ই. আলীম
সংবাদ সম্মেলনে দুই দলের দুই প্রতিনিধির কাছে গিয়েছিল প্রশ্ন, ‘বলে লালা লাগিয়ে নিয়ম ভেঙেছেন গ্লেন ফিলিপস, শাস্তির বিষয়টি জানেন?’ বাংলাদেশের ব্যাটার মুমিনুল প্রথমে বড় ঘটনা মনে না করলেও পরে বলেছেন, ‘পাঁচ রান পেনাল্টি, এটা বড় ইস্যু।’ নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন ঘটনাটি সম্পর্কে জেনেছেন মিনিটখানেক আগেই। তাই কেউই খোলাশা করতে পারেননি।
ঘটনাটি সিলেট টেস্টে টাইগারদের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারে। তৃতীয় দিনে কিউই অলরাউন্ডার ফিলিপসকে সেই ওভারে তৃতীয় বল করার আগে বলে লালা মাখেন। একবার নয়, দুইবার একই কাজ করেন। টিভি ক্যামেরাতেও স্পষ্ট দেখা গেছে ওই ঘটনা। এমন কাজ করলে গত বছর যুক্ত হওয়া নিয়ম অনুযায়ী পাঁচ রানের পেনাল্টি পাওয়ার কথা বাংলাদেশের।
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও পল রাইফেল তাৎক্ষণিক কোনো শাস্তি দেননি। বিষয়টি তাদের নজর এড়িয়ে গেলেও বাংলাদেশের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে। চতুর্থ আম্পায়ারকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।
করোনার পর থেকে লালা লাগানোর নিয়মে কড়াকড়ি আনা হয়। ক্রিকেটের আইনবিধির ৪৩.১ ধারায় বলা আছে, ক্রিকেট বলে লালা ব্যবহার করা নিষিদ্ধ। গত বছরের ১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়েছে। আম্পায়ার চাইলে শাস্তি হিসেবে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করতে পারে। বলও পাল্টে ফেলতে পারে। সিলেটে আজ দুটির কোনোটিই হয়নি।