প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৮:০১ পিএম
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্লভ এক কীর্তি গড়লেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে অর্ধশতক ও হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি। গত সোমবার রুয়ান্ডার বিপক্ষে জিম্বাবুয়ের জয়ের দিনে এমন কীর্তি গড়েন তিনি।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের চূড়ান্ত বাছাই পর্বে রুয়ান্ডার মুখোমুখি হয় জিম্বাবুয়ে।
আগের দিন উগান্ডার বিপক্ষে ধাক্কা খেলেও এদিন ভুল করেনি জিম্বাবুয়ে। ১৪৪ রানে জয় তুলে নেয় তারা, যা জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় জয়। ম্যাচটিতে রাজা ৩৬ বলে ৫৮ রান করেন। হাত ঘুরিয়ে তিন বলে ৩ উইকেট তুলে নেন।
রাজার আগে এক ম্যাচে হ্যাটট্রিক ও ফিফটির রেকর্ড কেবল নামিবিয়ার জেজে স্মিটের। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি।