প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩ ১৭:৫৮ পিএম
বিশ্বকাপে ভরাডুবির জেরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ছাঁটাই করেছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। পরে লঙ্কান ক্রিকেটকেই বরখাস্ত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এবার নিজেই ছাঁটাই হয়ে গেলেন রানাসিংহে।
স্থানীয় গণমাধ্যমের সংবাদ, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে যাওয়ার পর ছাঁটাই সংক্রান্ত চিঠি দেওয়া হয় রানাসিংহেকে। পরে বিষয়টি নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপিও।
বিশ্বকাপের মাঝামাঝি লঙ্কান ক্রিকেট বোর্ডের অফিস-আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের ছাঁটাই করেছিলেন রানাসিংহে। সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে বোর্ডে অন্তর্বর্তীকালীন কমিটিও গঠন করেন। তবে সেই অভিযোগ অস্বীকার করে আদালতে চ্যালেঞ্জ করে নির্বাচিত ক্রিকেট বোর্ড। যে কারণে পরে দুই সপ্তাহের জন্য তাদের পুনরায় বহাল করার নির্দেশ দেন আদালত। নির্বাচিত ক্রিকেট বোর্ডকে বহাল করার অনুরোধ করেন প্রেসিডেন্টও। তারপরও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন রানাসিংহে।