প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ২৩:২৫ পিএম
নতুন করে গুঞ্জন উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরে বরিশালের হয়ে খেলতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল
রিটেইন ও ডিরেক্ট সাইনিংয়ে একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে দল গড়েছে ফরচুন বরিশাল। বিপিএলে নিজেদের ভাগ্যে ট্রফি আনতে দলে রেখেছেন জাতীয় দলের মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকে।
স্কোয়াডে আছেন শোয়েব মালিক, ফখর জামান, পল স্টার্লিং এবং মোহাম্মদ আমিরের মতো তারকা ক্রিকেটাররা। নতুন করে গুঞ্জন উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরে বরিশালের হয়ে খেলতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। যোগ দিতে পারেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্টও।
যদিও এসব তথ্য এখনও গুজবের মতোই। জানা গেছে, জানুয়ারিতে বিপিএলের দশম আসরে পুরোটা সময় না হলেও অন্তত শেষদিকে পাওয়া যেতে পারে তাদের। যদিও বিষয়টি নাকচ করেছেন ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তবে তিনিও আশাবাদী তাদের দুজনকে পাওয়া নিয়ে, কথাও চালিয়ে যাচ্ছেন।
বিশ্বকাপজয়ী ম্যাক্সওয়েল এবং ট্রেন্ড বোল্টকে না পেলেও আসছে আসরে শক্ত দল গড়েছে বরিশাল। দলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ডেভ হোয়াটমোর। বিপিএল দিয়ে আবারও ক্রিকেটে কামব্যাক করতে যাচ্ছেন তামিম ইকবাল। টাইগারদের সাবেক অধিনায়কের ফিটনেসের সেরা পর্যায়ে আছে বলে দাবি ফ্র্যাঞ্চাইজিটির।
বিপিএলের ড্রাফটে মুশফিকুর রহিমকে প্রথম ডাকে দলে টেনেছে ফরচুন বরিশাল। আগে থেকেই আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ। ম্যাক্সওয়েল এবং বোল্টকে পেলে বড় চমকই হবে বটে। তবে বিপিএলের ৯ আসরে খেলেও ট্রফিশূন্য ফরচুন বরিশালের চোখ আপাতত শিরোপাতে নিবদ্ধ।