প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ২১:০২ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩ ১১:২৬ এএম
মাইকেল ভন। ফাইল ছবি
বিশ্বকাপে পাকিস্তানের অর্জন ‘শূন্য’। ব্যর্থ অভিযানের পর পিসিবিতে পাইকারি হারে রদবদল হয়। আসরের মাঝপথে ইনজামাম উল হক, শেষে দায়িত্বভার ছেড়ে দেন বাবর আজম। কোচিং প্যানেলেও পরিবর্তন লক্ষণীয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডে এসব পরিবর্তনে বেশ চাঞ্চল্য তৈরি হলেও মাইকেল ভন মনে করেন, এ ‘পরিবর্তন’ ভালো কিছু বয়ে আনবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হবে বলে ভবিষ্যদ্বাণীও করেছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
বিশ্বকাপের দিন দশেক আগেও ওয়ানডে র্যাঙ্কিংয়ের চূড়ায় ছিল পাকিস্তান। বাবর ছিলেন নম্বর ওয়ান ব্যাটার। তারপরও কাঙ্ক্ষিত ফল অর্জন হয়নি সাবেক চ্যাম্পিয়নদের। ১০ দলের মধ্যে পাকিস্তানের লিগ পর্ব শেষ হয় পঞ্চম হয়ে। নিজেদের মেলে ধরতে পারেননি অভিজ্ঞ বেশিরভাগ খেলোয়াড়। ব্যাটিং-বোলিংসহ সব সেক্টরই নির্বিষ ছিল পুরো সময়। এর জেরেই রদবদল।
‘ক্লাব প্রেইরি ফায়ার’ পডকাস্টে পাকিস্তান দলের পরিবর্তন নিয়ে কথা বলেছেন ভন। তার মতে, পাকিস্তান ক্রিকেট কাঠামোর তাৎপর্যপূর্ণ পরিবর্তনে দল উপকৃত হতে পারে, ‘তারা একটি নতুন দল গঠন করেছে। আমার বন্ধু মোহাম্মদ হাফিজ ডিরেক্টর এবং প্রধান কোচের দায়িত্ব নিয়েছে। সে দলটাকে দেখভাল করবে, যা চমৎকার ব্যাপার।’ পডকাস্টের একটি ভিডিও এক্স মাধ্যমে শেয়ার করেছেন ভন। পোস্টটির ক্যাপশনে দিয়েছেন নিজের ভবিষ্যদ্বাণী ‘তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।’
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয় পাকিস্তান। শিরোপার মঞ্চে ইংল্যান্ডের কাছে হারলেও আসরজুড়ে দুর্দান্ত প্রতাপ ছিল বাবরদের। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছর। জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে পরের লক্ষ্যে এগগোবেন শাহিন আফ্রিদিরা।