প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ২০:৫৪ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। গতকাল শুক্রবার নিজের ‘এক্স’ অ্যাকাউন্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। এ বছরের এপ্রিলে সবশেষ দেশের জার্সিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিলেন ইমাদ। সাত মাসের ব্যবধানে এবার তিনি দিলেন অবসরের ঘোষণা।
৩৪ বর্ষী বাঁহাতি এ অলরাউন্ডার নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘কয়েক দিন ধরে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তা করেছি। সিদ্ধান্তে উপনীত হয়েছি, এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের উপযুক্ত সময়। পিসিবিকে ধন্যবাদ জানাতে চাই সমর্থনের জন্য। পাকিস্তানের প্রতিনিধিত্ব করাটা সত্যিই গৌরবের।’
বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেটে ব্যাপক রদবদল হয়েছে। ডিরেক্টর পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাফিজ। প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন ওয়াহাব রিয়াজ। বাবর আজম সরে দাঁড়ানোয় টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে শাহিন শাহ আফ্রিদি নতুন অধিনায়ক হয়েছেন। নতুন ম্যানেজমেন্টের প্রতি শুভকামনা জানিয়েছেন ইমাদ, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে আমার ১২১ ম্যাচের প্রত্যেকটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার ব্যাপার। নতুন কোচ ও নেতৃত্বের অধীনে পাকিস্তান ক্রিকেটে সামনের সময়টা রোমাঞ্চকর। এর সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের সফলতা কামনা করছি।’
পাকিস্তানের হয়ে আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ ওয়ানডেতে ৯৮৬ রানের সঙ্গে ৪৪ উইকেট নিয়েছেন ইমাদ। ৬৬ টি-টোয়েন্টি খেলে তিনি ৪৮৬ রান করেছেন। সঙ্গে উইকেটেও নিয়েছেন ৬৫টি।