প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৩:০১ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩ ১৩:৩০ পিএম
পিএসজির জয়ে কিলিয়ান এমবাপে তার গোল উদ্যাপন করছেন। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি ও নেইমারের বিদায়ের পর খুব সম্ভবত এমন দিনেরই অপেক্ষা করছিলেন লুইস এনরিকে। যেদিন তার ফরোয়ার্ড লাইনের তিনজনই গোল পেয়েছেন। নতুন মৌসুমে পিএসজি জয়ের মধ্যে থাকলেও স্ট্রাইকার নিয়ে কিছুটা হলেও চিন্তায় ছিলেন কোচ এনরিকে। শুক্রবার রাতে উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপে ও গনজালো রামোসের দুর্দান্ত পারফরম্যান্সের পর কোচের দুশ্চিন্তা দূর হয়েছে। ঘরের মাঠে গতকাল রাতে এএস মোনাকোকে ৫-২ গোলে হারিয়েছে পিএসজি।
লিগ ওয়ানের ১৩তম রাউন্ডে পার্ক দেস প্রিন্সেসে এদিন মোনাকোকে আতিথেয়তা দেয় পিএসজি। দুই দলই খেলেছে বিনোদনমূলক ফুটবল। প্রথমার্ধে ৩ গোলের পর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও ৪টি গোল। পিএসজির হয়ে ৫টি গোলটিই করেছেন আলাদা পাঁচজন খেলোয়াড়। যার শুরুটা হয়েছিল পর্তুগিজ ফরোয়ার্ড রামোসের পায়ে। খেলার ১৮তম মিনিটে দলকে প্রথমবার এগিয়ে দেন তিনি।
তবে ৪ মিনিট পরই সমতায় ফেরে মোনাকো। ২২ মিনিটের মাথায় অতিথিদের হয়ে গোলটি করেন জাপানিজ রাইট উইঙ্গার মিনামিনো। প্রথমার্ধের একদম শেষ সময়ে দলকে পেনাল্টি থেকে আবার এগিয়ে দেন এমবাপে। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে গোল পেতে ভালোই সময় লাগে। খেলার ৭০ মিনিট পর্যন্তই প্রথমার্ধের স্কোরলাইন বজায় ছিল। এরপর ২০ মিনিটের ঝড়ে দুই দল গোল করে আরও ৪টি। ৩টি পিএসজি, ১টি মোনাকো। পিএসজির হয়ে গোল ৩টি করেন যথাক্রমে ডেম্বেলে, ভিতিনহা ও কোলো মুয়ানি। মোনাকোর হয়ে ব্যবধান কমান মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে ১৩ খেলায় ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পাকা করল পিএসজি।