× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ বছরের নিষেধাজ্ঞায় স্যামুয়েলস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ২১:৩৫ পিএম

৬ বছরের নিষেধাজ্ঞায় স্যামুয়েলস

বিশ্বকাপজয়ী খেলোয়াড় তিনি। ২০১২ ও ২০১৬ বিশ্বকাপের ফাইনালে ৭৮ ও ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ‘ম্যাচসেরা’ হয়েছিলেন। বৈশ্বিক আসরের ফাইনালে দুবার ম্যাচসেরার স্বীকৃতি পাওয়া একমাত্র ক্রিকেটারও তিনি। সেই মারলন স্যামুয়েলসের গায়ে লাগল কলঙ্কের দাগ। দুর্নীতিবিরোধী চারটি ধারা ভঙ্গের অভিযোগে ক্যারিবীয় সাবেক অলরাউন্ডারকে সব ধরনের ক্রিকেট থেকে ৬ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি, যা ১১ নভেম্বর ২০২৩ থেকে কার্যকর হয়। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এক বিবৃতিতে এইচআর এবং ইন্টিগ্রিটি ইউনিটের আইসিসির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘স্যামুয়েলস প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, সেই সময় তিনি অসংখ্য দুর্নীতিবিরোধী সেশনে অংশ নিয়েছিলেন এবং দুর্নীতিবিরোধী কোডের অধীনে তার বাধ্যবাধকতা ঠিক কী তা তিনি জানতেন। এরপরও লঙ্ঘন করে এবার শাস্তির মুখে। যদিও তিনি এখন অবসরে।’

ক্যারিয়ারজুড়ে বহুবার বিতর্কে জড়ান স্যামুয়েলস। মাঠ কিংবা বাইরের ঘটনায় প্রায়ই আলোচনায় আসতেন। পান থেকে চুন খসলেও ঝামেলায় জড়াতেন প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে তার দা-কুমড়া সম্পর্ক। প্রায়ই দুজন ঝামেলায় জড়াতেন। তবে ভালো পারফরম্যান্স করে টিম ম্যানেজমেন্টের রাডারেই থাকতেন।

২০০৮ সালে দুর্নীতিবিরোধী কোড ভেঙে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন স্যামুয়েলস। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ-ভারতের ওয়ানডে ম্যাচের তথ্য পাচারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সে সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) তার পাশেই ছিল। তদন্ত চলাকালে স্যামুয়েলস বিশ্বকাপও খেলেছিলেন। পরে অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হন।

২০১৯ সালে আবুধাবির টি-টেন ক্রিকেট লিগে খেলার সময় ফের দুর্নীতিতে জড়ান স্যামুয়েলস। দুর্নীতিবিরোধী চারটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। জানা যায়, স্যামুয়েলসের বিপক্ষে যে চারটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল, দুর্নীতিবিরোধী স্বতন্ত্র ট্রাইব্যুনালে শুনানির পর সবকটিই প্রমাণিত হয়। ট্রাইব্যুনালে নিজের অধিকার স্যামুয়েলস প্রয়োগ করেছেন বলেও জানায় আইসিসি। উভয় পক্ষের যুক্তিতর্কের ভিত্তিতে স্যামুয়েলসকে শাস্তি দেওয়া হয়।

যে চারটি আইন ভঙ্গ করেছেন স্যামুয়েলস

আইসিসির দুর্নীতিবিরোধী নীতির ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভেঙেছেন স্যামুয়েলস। ২০১৯ সালে আবুধাবি টি-টেন লিগে তিনি কর্ণাটক টাস্কার্স দলে ছিলেন, যদিও কোনো ম্যাচ খেলেননি।

অনুচ্ছেদ ২.৪.২ অনুযায়ী কোনো প্রকার উপহার, অর্থ প্রদান, আতিথেয়তা বা অন্যান্য সুবিধা ক্রিকেটে বদনাম ঘটাতে পারেÑ এমন তথ্য দুর্নীতি দমন কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। 

অনুচ্ছেদ ২.৪.৩ অনুযায়ী ৭৫০ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের আতিথেয়তার রসিদ প্রকাশ করতে ব্যর্থ হওয়া। 

অনুচ্ছেদ ২.৪.৬ অনুযায়ী দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া। 

অনুচ্ছেদ ২.৪.৭ অনুযায়ী তদন্তে প্রাসঙ্গিক হতে পারে এমন তথ্য গোপন করার মাধ্যমে দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে বাধা বা বিলম্ব করা।

ট্রাইব্যুনালের অধিকাংশ সদস্যের সিদ্ধান্তে ২.৪.২ ধারা ভঙ্গের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে স্যামুয়েলসকে। বাকি তিনটি ধারায় অবশ্য তাকে ট্রাইব্যুনালের সব সদস্যই দোষী মনে করেছেন।

২০০০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল স্যামুয়েলসের। শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন ২০১৮ সালে। ১৮ বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ৩৪৫ ম্যাচ খেলেছেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা