প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩ ২০:১৮ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৩ ২০:৪১ পিএম
ব্যাপারটি অনিচ্ছাকৃতভাবেই ঘটেছিল। ফিল্ডার বল থ্রো করেন ননস্ট্রাইকার প্রান্তে। সেখানে হাতে তোয়ালে প্যাঁচানো অবস্থায় বল ধরে ফেলেন আরেক ফিল্ডার। তাতেই কপাল পুড়ে। ৫ রান জরিমানা গুনতে হয় দলকে।
মঙ্গলবার (২১ নভেম্বর) মেয়েদের বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের ম্যাচে বিতর্কিত এ ঘটনা ঘটে। জমে ওঠা ম্যাচে এক বল হাতে রেখেই জয় পায় সিডনি। তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা না ঘটলে ম্যাচের ফল উল্টো হতে পারত।
মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রণীত নিয়মে বলা আছে, ‘উইকেটরক্ষক ছাড়া কোনো ফিল্ডারের গ্লাভস বা বাড়তি কিছু পরার অনুমতি নেই। কারও হাতে বা আঙুলের নিরাপত্তার কারণে বাড়তি কিছু পরতে হলে আম্পায়ারের অনুমতি নিতে হবে।’ নিয়মে আরও লেখা আছে, ‘কোনো ফিল্ডার যদি হাতে কাপড় ব্যবহার করেন তবে আম্পায়াররা ব্যাটিং করতে থাকা দলকে বাড়তি ৫ রান দিতে পারবেন।’