প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ২১:২৬ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩ ০০:০০ এএম
নিউজিল্যান্ড সিরিজে টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় তিন নতুন মুখ
আলোচনায় ছিল লিটন দাস ছুটি পেলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। তেমনটি হয়েছেও। আজ শনিবার সন্ধ্যায় ঘোষিত টেস্ট দলে ১৫ সদস্যের দলে এক বছর পর ফিরেছেন নুরুল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ডাক পেয়েছেন হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ। তিনজনই আছেন অভিষেকের অপেক্ষায়।
সিরিজে সাকিবের পর লিটন দাসও না থাকায় নতুন করে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটির প্রথম ম্যাচ ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুরে শুরু হবে ৬ ডিসেম্বর।
জাতীয় দলে রঙিন পোশাকে দেখা গেলেও টেস্টে সুযোগ পাননি হাসান মাহমুদ। দিপু এর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছিলেন, তবে একাদশে সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা মুরাদের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। চোটের কারণে দলে নেই ডানহাতি পেসার তাসকিন আহমেদ ইবাদত হোসেন। আর আগের সিরিজে দলে থাকলেও এবার বাদ পড়েছেন মুশফিক হাসান।
সিরিজে অধিনায়কত্ব করবেন শান্ত, বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করে বলেছেন— ‘লিটন এক মাসের ছুটি চেয়েছে, দুটি টেস্ট খেলবে না। সে চাইছে পরিবারকে সময় দিতে। সামনের দুইটা টেস্টে নেতৃত্বে থাকবে শান্ত।’
বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।