প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩ ১৫:৩৬ পিএম
শুরুটায় না হোক, শেষটায় তো থাকছে—বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যারা টিকিট কেটে হতাশ হয়ে ফিরেছিলেন, তারা এবার আশায় বুক বাঁধতে পারেন। সব ঠিক থাকলে রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পড়ে যাবে সাজসাজ রব। ভারত-অস্ট্রেলিয়ার শিরোপাযুদ্ধে রঙ চড়াবেন বলিউড-হলিউডের তারকারা। থাকবেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রয়েছে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ প্রদর্শনী। গাইবেন ডুয়া লিপা। এই-সেই করে আরও কত কিছু! শিরোপা ফয়সালার দিনে টসের আগের সাত ঘণ্টা বেশ জমজমাট থাকবে, টসের পরে ব্যাট-বলের লড়াইয়েও নিশ্চয়!
অনেকটা যেন এমন, ‘পুরোনো আক্ষেপ ভুলে যাও। নতুনকে গ্রহণ করো।’ বিশ্বকাপের পর্দা নামার দিনে অনুষ্ঠান করে বিতর্কও ঘুচিয়ে দিতে চলছে আইসিসি ও আয়োজক বোর্ড। আহমেদাবাদে অবশ্য শুরুর দিনের সপ্তাহখানেক আগে থেকেই আলোচনা ছিল। উদ্বোধনী অনুষ্ঠান শেষ পর্যন্ত হয়নি। বিসিসিআই বলেছিল, টেকনিক্যাল সমস্যার কারণে অনুষ্ঠান করতে পারেনি। দর্শক-সমর্থকদের সমালোচনা বাড়ে ভারত-পাকিস্তান ম্যাচের দিন। ওইদিন ঠিকই বিসিসিআই মিউজিক্যাল সেরিমনি করেছিল। সেই বিতর্ক বুঝি ঢাকা পড়তে যাচ্ছে এবার!
বিশ্বকাপের শেষের শুরুতে প্রায় দেড় লাখ দর্শক জমায়েত হবেন। স্টেডিয়ামের মাঝেই ভারতের বিমানবাহিনীর বিশেষ কসরত দেখানোর কথাও চাউর হচ্ছে। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, সেদিন মাঠেই থাকবেন স্বাগতিকদের প্রধানমন্ত্রীও। বেশ কিছু বলিউড অভিনেতা বা ভারতীয় গায়ক ছাড়াও মঞ্চ মাতাতে দেখা যেতে পারে আলবেনিয়ান সেনসেশন ও হলিউড সংগীতশিল্পী ডুয়াকে। গ্যালারিও মাতাবেন বিশ্বের জনপ্রিয় অনেক তারকা।
বিসিসিআই বা আইসিসি কোনো বিবৃতি এখনও দেয়নি।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, আয়োজনটা বেশ বড়সড়ই। তারকাদের আনাগোনা ছাড়াও আহমেদাবাদের মাঠজুড়ে থাকবে আতশবাজি ও লেজার লাইট শো। আরও অনেক কিছুর পরিকল্পনা করে রেখেছে ভারতের ক্রিকেট বোর্ড। স্বাগতিকরা চাচ্ছে মনে রাখার মতো একটি ফাইনালের ফাইনাল সমাপনী করতে। কথার পিঠে কত কথাই তো জমেছে, আগ্রহেরও কমতি নেই। এবার অপেক্ষার পালা, সবশেষে প্রশ্নও একটি থাকছে— ‘সরাসরি টিভিতে সম্প্রচার হবে তো, নাকি শুধু মাঠের দর্শকরাই উপভোগ করবেন দীর্ঘ সমাপনী অনুষ্ঠান?’