লিখেছেন রস টেলর
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩ ১১:৩৯ এএম
আইসিসিতে লেখা কলামে রস টেলর শেষটা টেনেছিলেন এমন— ‘আশা করি, বুধবার ভাগ্য নিউজিল্যান্ডের সঙ্গেই থাকবে।’ থাকা না থাকার প্রশ্ন যেখানে জড়িয়ে, সেখানটা নিয়ে ভাবতে রাজি নয় কিউই কোনো খেলোয়াড়। কিন্তু পুরোনো কিছু কথা তো মনে রাখতেই হবে। এই যেমন কদিন আগে ফার্গুসন-লাথামরা হেরেছে ভারতের কাছে। আরও ভেতরে যেতে হবে, শুনতে হবে ম্যানচেস্টারের বছর চারেক আগের কথা। ধোনির কান্না এবং কিউইদের আরেকটি ফাইনালের কাহিনী।
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক তার দীর্ঘ লেখায় ম্যানচেস্টারের সেদিনের গল্প শুনিয়েছেন, সঙ্গে স্বদেশিদের জন্য শুভকামনা জানিয়েছেন। ভারতকে ফেভারিট মানা কিউই কিংবদন্তি উইলিয়ামসনদের টোটকা দিয়ে লিখেছেন, ‘বছর চারেক আগে ফর্মের তুঙ্গে থাকা দল হিসেবে ম্যানচেস্টার সেমিফাইনালে খেলেছিল ভারত। অন্যদিকে পাকিস্তানকে সেরা চারের আগে বিদায় করতে আমরা আমাদের রান রেটের দিকে মনোযোগী ছিলাম। এবার ভারত আরও বড় ফেভারিট দল। ঘরের মাঠে খেলছে এবং গ্রুপ পর্বে দুর্দান্ত খেলেছে। কিন্তু যখন আমাদের হারানোর কিছু নেই, নিউজিল্যান্ড হতে পারে বিপজ্জনক। কোনো দল যদি থেকে থাকে, যাদের মুখোমুখি হতে ভারত নার্ভাস— সেই দলটি হচ্ছে নিউজিল্যান্ড।’
‘মুম্বাইয়ের মাঠে বড় স্কোরই আশা করবেন। কিন্তু নিউজিল্যান্ডের বড় পরীক্ষা হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। টস গুরুত্বপূর্ণ, কিন্তু নিউজিল্যান্ড যদি ব্যাট ও বলে ভালো শুরু করতে পারে, লড়াইয়ে থাকার ক্ষেত্রে তারা আত্মবিশ্বাস পাবে। দুই ইনিংসেই প্রথম ১০ ওভার গুরুত্বপূর্ণ। ভারতের ব্যাটিংয়ের সময় প্রথম ১০ ওভারে দুই-তিনটি উইকেট নিয়ে তাদের চাপে ফেলতে চাইবে। শুরুর তিন দুর্দান্ত ব্যাটারের ওপর তারা অনেক নির্ভর করে। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান শুভমান গিল, এরপর রোহিত শর্মা ও বিরাট কোহলি। দ্রুত উইকেট নিয়ে মিডল অর্ডারকে চাপে ফেলার চেষ্টা করতে হবে। তেমন কিছু করতে পারলে তাদের চেপে ধরা যাবে। কত দ্রুত তারা আধিপত্য বিস্তার শুরু করতে পারে, তার ওপর প্রভাব ফেলবে সেটি।’
সবশেষে টেলর আশা রাখছেন নিজেদের ভাগ্যে, ‘বুধবার ভাগ্য নিউজিল্যান্ডের সঙ্গেই থাকবে।’