প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ২৩:০৪ পিএম
ভারত এখন অপ্রতিরোধ্য! দুর্দমনীয়! দারুণ সব পারফরম্যান্সে বিশ্বকাপের আকাশে যেন ডানা মেলে উড়ে বেড়াচ্ছেন রোহিত শর্মারা। দুর্দম্য ভারতকে কেউ হারাতে পারছে না। নামাতে পারছে না মাটিতে। বিরাট কোহলিরা ঘরের মাঠের বিশ্বকাপে এখন রীতিমতো দুর্বার! হোম কন্ডিশনের সুবিধা নিয়ে দুর্জয় ভারতকে কে হারাবে?
বিশ্বকাপের লিগ পর্বের ৯ ম্যাচের ৯টিতে জয় ছিনিয়ে নেওয়ার পর স্বাগতিকদের নিয়ে এমন প্রশ্নই এখন উড়ে বেড়াচ্ছে ক্রিকেট দুনিয়ায়। সেমিফাইনালে এখন অজেয় ভারতকে হারানোর সুবর্ণ সুযোগ নিউজিল্যান্ডের সামনে। সেটা না হলে ফাইনাল তো আছেই। ভারত শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লিখতে পারলে পাবে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়াকে।
তাহলে সিরাজ-শামি-জাদেজাদের হারানোর সামর্থ্য রয়েছে কার? উত্তরটা বাতলে দিয়েছেন মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক বলেই দিয়েছেন, অপরাজেয় ভারতকে যদি কোনো দল হারাতে পারে, তাহলে সেটা অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ নয়।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ শেষে ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজের অনুষ্ঠানে ভন বলেন, ‘অস্ট্রেলিয়াই একমাত্র দল, যারা ভারতকে হারাতে পারে। যে ঐতিহ্য, উত্তরাধিকার ও ইতিহাস তাদের আছে, তারা জানে কীভাবে বিশ্বকাপ জিততে হয়। আমি যদিও এখনও ভারতকে ফেভারিট মনে করছি। তবে তাদের আগে অবশ্যই নিউজিল্যান্ডকে হারাতে হবে। তবে যদি দুই দল ফাইনালে যেতে পারে, তবে এই অস্ট্রেলিয়া দলের সুযোগ আছে।’