প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩ ০০:৫৫ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩ ০০:৫৬ এএম
নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। কথাটা কোনো ক্রিকেট বিশ্লেষকের নয়। নয় কোনো ধারাভাষ্যকারের। বাংলাদেশ দলের কাপ্তান সাকিব আল হাসান বিশ্ব আসরে নিজেদের পারফরম্যান্স বিচার করে দিয়েছেন এই রায়।
যার নেতৃত্বেই বাংলাদেশ খেলেছে এবারের বিশ্বকাপ। নিজেদের ভরাডুবির বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স থেকে তেমন কিছু প্রাপ্তি না ঘটলেও আর্থিকভাবে ঠিকই লাভবান হয়েছে বাংলাদেশ। আইসিসি বিশ্বকাপ থেকে দল পাচ্ছে প্রায় ২ কোটি টাকা।
ভাবছেন সেটা আবার কীভাবে। হ্যাঁ, এটাই কথা। বিশ্বকাপে হারুক বা জিতুক, সব দলের জন্যই রয়েছে প্রাইজমানির ব্যবস্থা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সেই খাত থেকেই টাইগারদের আয়টা একেবারে মন্দ নয়। বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়েছে দুটি।
আফগানদের হারিয়ে রঙিন শুরু করে টাইগারদের দ্বিতীয় জয়টা আসে শেষদিকে শ্রীলঙ্কার বিপক্ষে। এই দুই জয়ের সুবাদে ৪০ হাজার করে ৮০ হাজার ডলার পাচ্ছেন দেশের ক্রিকেটাররা। তার সঙ্গে যোগ হবে আরও ১ লাখ ডলার। এটি বিশ্বকাপের প্রথম পর্বে অংশ নেওয়ার পুরস্কার।
সব মিলিয়ে লাল-সবুজ প্রতিনিধিদের অ্যাকাউন্টে জমা পড়বে ১ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা।